১২ বছর পর রাজশাহীতে যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরবাসীকে কিছুটা ভোগান্তির মধ্যে ফেলে ১২ বছর পর গতকাল রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরের সাহেব বাজার-তালাইমারী সড়ক বন্ধ করে দিয়ে সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়েছিল। এ জন্য নগরবাসী কিছুটা যানজটের ভোগান্তিতে পড়ে। এ অবস্থার মধ্য দিয়ে সন্ধ্যার পরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।
গতকাল শনিবার বেলা তিনটায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ মজিবুর রহমান চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এই সম্মেলনে যুবলীগের এমন তরুণ নেতৃত্ব বেরিয়ে আসুন, যাঁরা জামায়াত-বিএনপিকে মোকাবিলা করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করতে পারবেন। নেতারা বলেন, সমঝোতার মাধ্যমে নেতা নির্বাচন করার চেষ্টা করা হবে। না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করা হবে।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেল থেকে নগরের আলুপট্টির মোড় থেকে কুমারপাড়ার মোড় পর্যন্ত ব্যস্ততম সড়কটি বন্ধ করে দেওয়া হয়। এতে নগরবাসীকে কিছুটা যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে গত বৃহস্পতিবারের চেয়ে গতকাল এই যানজট কিছুটা কম ছিল। আগের দিনের যানজটের খবর জানাজানি হওয়ায় অনেকে বিকল্প পথ বেছে নিয়েছেন।
ইকবাল হোসেন নামের এক রিকশাচালক বলেন, সাহেব বাজার থেকে আলুপট্টি যেতে তার পাঁচ মিনিট সময় লাগে। অথচ এই সম্মেলনের কারণে তাঁকে ২০ মিনিটের পথ ঘুরে যেতে হচ্ছে। যাত্রীরাও বিরক্ত হচ্ছে। নিজেরও কষ্ট হচ্ছে।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে রাজশাহী মেডিকেল অডিটোরিয়ামে। জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে নগরের তেরখাদিয়া এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। তাহলে যুবলীগের সম্মেলন সড়ক দখল করে করার কী প্রয়োজন পড়ল, তাঁরা বুঝতে পারছেন না। এতে মানুষকে শুধু দুর্ভোগের মধ্যে ফেলে বিরক্ত করা হচ্ছে।
সর্বশেষ ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।