১২ বছর হতে চলল লড়াই করছি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল, তারা ‘বাংলাদেশের স্বাধীনতার শত্রু, দেশের উত্থানের শত্রু’। তারাই আবার এক–এগারোতে সক্রিয় হয়ে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করতে চেয়েছিল।
জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে বিএনপির এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘১২ বছর হতে চলল, আমরা লড়াই করছি। দেশে গণতন্ত্র নেই। “গণতন্ত্রের মাতা” খালেদা জিয়া কারাবন্দী। আসুন আজ শপথ গ্রহণ করি, আমরা তাঁকে মুক্ত করব, দেশকে মুক্ত করব, দেশে উদার গণতান্ত্রিক রাজনীতি নির্মাণ করব।’
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় বন্দী ছিলেন। সে সময় চিকিৎসার জন্য তিনি বছরখানেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার মধ্যে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপরই গত বছর ২৫ মার্চ ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে তাঁকে মুক্তি দেয় সরকার।
ওই সময় পার হওয়ার পর দফায় দফায় তাঁর দণ্ড স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। ছাড়া পাওয়ার পর থেকে গুলশানের বাসায় ছিলেন বিএনপি নেত্রী। সেখানে নেতা–কর্মীদের প্রবেশে কড়াকড়ি ছিল। এর মধ্যেই গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে গত মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। যাঁর জন্মই হয়তো হয়েছিল স্বাধীনতাযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। এরপর রাষ্ট্রক্ষমতায় এসে অতি অল্প সময়ে তিনি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন করেন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন, দেশকে একটা পরিচিতি দেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার পর কেন তাদের একদলীয় বাকশালি শাসনব্যবস্থা প্রবর্তন করতে হয়েছিল। তাদের দুঃশাসন, নৈরাজ্য ও দুর্নীতির কারণে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল। ঠিক একই কারণে সেদিন সৈনিক-জনতা জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসেছিল। এ কথাগুলো আজ আমাদের বারবার বলতে হবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে।’
আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান “রিভোল্ট” করেছিলেন। আওয়ামী লীগের কোনো নেতা কি আজ পর্যন্ত তথ্য দিয়ে দাবি করতে পেরেছে যে তাদের অমুক নেতা “রিভোল্ট” করেছিলেন। সেটি কেউ শুনেছে? রিভোল্ট করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। দেশের দুটি ক্রান্তিকালে তিনি জাতিকে পথনির্দেশনা দেন—এসবই আওয়ামী লীগের মাথাব্যথার কারণ।’
স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেন, ‘বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করেন জিয়াউর রহমান। তিনি দেশকে গণতন্ত্র দেন। এখন জিয়া সম্পর্কে আওয়ামী লীগ কী বলল না বলল, তাতে কিচ্ছু যায় আসে না। জিয়া জিয়াই।’
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আজ জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে বাংলাদেশ থেকে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে। কারণ, জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এমন অনেক কাজ করেছিলেন, যেগুলোর সামনে আওয়ামী লীগ দাঁড়াতে পারে না। বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ আমরা বৃহৎ জেলে আবদ্ধ। আসুন এই হায়েনার হাত থেকে দেশকে মুক্ত করি। সবাই ঐক্যবদ্ধ হই।’
‘বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যের বিষয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ক্যান্টনমেন্ট তো বাংলাদেশের অভ্যন্তরেই। কিন্তু যাঁরা বিএনপির জন্ম নিয়ে কথা বলেন, তাঁদের জন্ম কি দেশের মাটিতে, নাকি ভিনদেশে? বর্তমানে দেশের যে অবস্থা, তাতে বলা যায় তারা পরের তরে, দেশের তরে নয়।’
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘১৯৫৪ সালে জাতীয় প্রেসক্লাবকে জায়গা দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু ১৯৭৪ সালে আওয়ামী লীগ সরকার তা কেড়ে নিয়েছিল। ১৯৭৬ সালে জিয়াউর রহমান সেটি আবার ফিরিয়ে দেন এবং জাতীয় প্রেসক্লাব নির্মাণ করে দেন। জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন। আজ সাংবাদিকেরা জিয়াউর রহমানের কথা বলেন না।’
স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার প্রথম বীরসেনানী ছিলেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ যা-ই বলুক, এটাই ইতিহাস।
মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যখন পলায়নপর ছিল, তখন অলৌকিকভাবে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে। তিনি শুধু একজন সৈনিক, একজন জেনারেল, একজন মুক্তিযোদ্ধা, একজন বীর উত্তমই ছিলেন না—তার চেয়ে বড় কথা একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। আজকে উন্নয়নের নামে সেই গণতন্ত্রকে আমরা সিন্দুকে ঢুকিয়ে রাখতে পারি না।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান ধর্ম, বর্ণ, ভাষা-সংস্কৃতি সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন। আওয়ামী লীগ শুধু ভাষার জাতীয়তাবাদের কথা বলে। এখন কেউ যদি জিয়াউর রহমানের জাতীয়তাবাদে শুধু ধর্মের গন্ধ পায়, সেটা তার সমস্যা। আমাদের প্রত্যেককে এ কথাগুলো আজকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা বলতে হবে।’
দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর পরিচালনায় সভায় স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। সভায় বিএনপির জেলা-উপজেলার নেতারা এবং দলের অঙ্গসংগঠনের নেতারাও যুক্ত ছিলেন।