১২টি ওয়ার্ডে আ.লীগের প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গ্রামের বাড়ি সদর দক্ষিণ উপজেলার দুতিয়ারপুর গ্রামে দলীয় সমর্থনপ্রত্যাশীদের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতে তালিকা চূড়ান্ত করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৩০ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে সাধারণ কাউন্সিলর পদে ১৯ নম্বর ওয়ার্ডে গোলাম মহিউদ্দীন শরীফ, ২০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে মনির উদ্দীন রমিজ, ২২ নম্বর ওয়ার্ডে আবদুল কাদের মজুমদার বুলু, ২৩ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে ইদ্রিস মিয়া, ২৫ নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ বাবুল, ২৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন ও ২৭ নম্বর ওয়ার্ডে আবুল হাসান। সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে হোসনেয়ারা বেগম মায়া, ৮ নম্বর ওয়ার্ডে ফারহানা পারভীন ও ৯ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তারের নাম ঘোষণা করা হয়।
বৈঠকে উপস্থিত অন্তত পাঁচজন নেতা বলেন, গত শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিকল্পনামন্ত্রীর নির্বাচনী এলাকার ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় একক প্রার্থী নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, তাঁর ভাই মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারওয়ার, শাহাদাত হোসেন তসলিম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আয়াতুল্লাহ প্রমুখ।