রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তার কোনো প্রতিফলন নেই। প্রথম দুই ধাপের ১ হাজার ২৫১টি ইউপির নির্বাচনের ফল পর্যালোচনা করে দেখা গেছে, চেয়ারম্যান পদে ৭২ জন নারী প্রার্থী ছিলেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মাত্র ১২ জন ও বিএনপির ৬ জন। আর জিতেছেন ১২ জন।
নারী নেত্রীদের মতে, বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশের চেতনার পরিপন্থী। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি ধারায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সব স্তরে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু দুই ধাপে আওয়ামী লীগ ও বিএনপিতে নারীদের প্রার্থী করার হার ১ শতাংশেরও কম। এখন পর্যন্ত আওয়ামী লীগ দশমিক ৯৫ শতাংশ এবং বিএনপি দশমিক ৫৭ শতাংশ ইউপিতে নারীদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে।
প্রথম দুই ধাপের ১ হাজার ২৫১টি ইউপির নির্বাচনী ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। তবে নির্বাচন হয়েছে ১ হাজার ৩৫১টি ইউপিতে। এর মধ্যে বেশ কিছু ইউপিতে ফল স্থগিত করা হয়েছে। আর কয়েকটি ইউপির ফলাফল বিবরণী পাওয়া যায়নি।
বিশ্লেষণে দেখা গেছে, চেয়ারম্যান পদে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে এসে নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রথম ধাপে ৬৪৮টি ইউপিতে চেয়ারম্যান পদে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। দ্বিতীয় ধাপে ৬০৩টি ইউপিতে ছিলেন মাত্র ১০ জন। তাঁদের মধ্যে প্রথম ধাপে ৮ জন এবং দ্বিতীয় ধাপে ৪ জন জয়ী হয়েছেন। তবে এখন পর্যন্ত নির্বাচনে নারী প্রার্থীদের জয়ের হার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
বেসরকারি প্রতিষ্ঠান স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত ১৯৯৭ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থীর সংখ্যা ছিল ১০২ জন। জিতেছিলেন ২৩ জন। ২০০৩ সালে ২৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন ২২ জন। সর্বশেষ ২০১১ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ২২৬ জন। জয়ী হন ২৩ জন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এবার ছয় ধাপে মোট ৪ হাজার ২৭৯টি ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২টি ইউপিতে এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টিতে ভোট গ্রহণ করা হয়। দুই ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৯৮৪টিতে এবং বিএনপি ১০৮টিতে জয় পেয়েছে। ২৩ এপ্রিল ৭১১, ৭ মে ৭২৮, ২৮ মে ৭১৪ এবং সবশেষে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের ১২, বিএনপির ৬ জন: প্রথম ধাপের ৬৪৮টি ইউপিতে আওয়ামী লীগ মাত্র আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়ন দেয়। তাঁদের মধ্যে সবাই জিতেছেন, যার পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয় ধাপের ৬৩৯টিতে তারা মাত্র চারজন নারীকে মনোনয়ন দিয়েছে। তাঁদের মধ্যে তিনজন জিতেছেন এবং একজন হেরেছেন।
অপরদিকে বিএনপি প্রথম ধাপে ৫৯৩টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিলেও তাঁদের মধ্যে নারী মাত্র ছয়জন। দ্বিতীয় ধাপে তাঁরা কোনো নারীকে প্রার্থী করেনি। এ ছাড়া জাকের পার্টি ও জাতীয় পার্টি-জেপি একটি করে ইউনিয়নে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। বাকি দলগুলোর কোনো নারী প্রার্থী নেই।
এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘ইউপিতে নারী নেতৃত্বের বিকাশ এবং এতে রাজনৈতিক দলের ভূমিকায় আমরা হতাশ। আরপিও অনুসরণ করলেও অন্তত ১৫-২০ শতাংশ ইউপিতে নারীদের প্রার্থী করা যেত। কিন্তু দলগুলো তা করেনি। বিষয়টা এমন নয় যে পুরুষ যে যোগ্যতায় মনোনয়ন পাচ্ছে, নারীর সে যোগ্যতা নেই। আসলে এ বিষয়ে দল ও নেতৃত্বের সদিচ্ছার অভাব আছে।’
জানতে চাইলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও দলের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের জরিপ অনুযায়ী তৃণমূলে অসংখ্য নারী আছেন, যাঁদের নেতৃত্ব গুণ পুরুষের চেয়ে বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল থেকে কেন্দ্রের কাছে যে তালিকা আসছে, সেখানে নারীদের নাম পাওয়া যাচ্ছে না। যে কারণে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে তৃণমূলের তালিকায় কোনো নারীর নাম ২ বা ৩ নম্বরে থাকলেও তাঁকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করা হবে।
একই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, এটা সত্য, ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে নারীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে দলের ভূমিকা হতাশাজনক। কিন্তু বিএনপি যে পরিমাণ নারীকে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করেছিল, তার কিছুই করা সম্ভব হয়নি। কারণ, যেখানে দলের পুরুষ প্রার্থীরাই মাঠে দাঁড়াতে পারছেন না, সেখানে নারীরা কীভাবে দাঁড়াবেন? সে জন্য প্রার্থী হিসেবে নারীদের কম বিবেচনায় নেওয়া হচ্ছে।
জয়ী ১২ চেয়ারম্যান: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন জেসমিন আক্তার (সিদ্ধকাঠি, নলছিটি সদর), মর্জিনা বেগম (সোনাইলতলা, মংলা, বাগেরহাট), বিউটি আক্তার (সন্তোষপুর, চিতলমারী, বাগেরহাট), শিরিন আখতার (ফকিরহাট, বাগেরহাট) ও মোরশেদা আক্তার (তেলিগাতী, মোরেলগঞ্জ, বাগেরহাট)। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন আওয়ামী লীগের তাসলিমা বেগম (রাঢ়ীপাড়া, বাগেরহাট), প্রগতি মণ্ডল (দৈহারী, পিরোজপুর) ও সানজিদা আক্তার (মালখানগর, মুন্সিগঞ্জ)।
দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন আওয়ামী লীগের নাছরিন সুলতানা (নওয়াপাড়া, যশোর), নাজনীন নাহার (রামনগর, যশোর) ও রওশন আরা বেগম (বাহিরচর, কুষ্টিয়া)। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব নবীনগর ইউনিয়নে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী মৌসুমি আক্তার।
দ্বিতীয় ধাপে এসে নারীদের প্রার্থী হওয়ার হার ব্যাপকভাবে কমে যাওয়ার কারণ সম্পর্কে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হওয়ায় এবারের নির্বাচন নিয়ে নারীদের অনেক বেশি আগ্রহ ও উৎসাহ ছিল। কিন্তু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। সরকারি দল থেকে যাঁরাই মনোনয়ন পাচ্ছেন, তাঁরাই জিতে যাচ্ছেন। যে কারণে দ্বিতীয় ধাপে এসে নারীদের অনেকের ইচ্ছা থাকলেও প্রার্থী হননি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচন তো সবার জন্য উন্মুক্ত। প্রার্থীরা যাতে বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারেন, সে জন্য বাড়তি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন নারী প্রার্থীর অংশগ্রহণ কমে যাচ্ছে, সেটা আমরা কমিশনে আলোচনা করে দেখব।’