১৩ কেন্দ্রের ফলে নৌকা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৩টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ১ হাজার ৩৬৯ ভোটে এগিয়ে রয়েছেন। এখন স্থগিত দুই কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর জয়-পরাজয় নির্ধারিত হবে।
ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান (নৌকা প্রতীক) পেয়েছেন ৯ হাজার ২০৯ ভোট। বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (নারকেলগাছ) ২ হাজার ৬৬৬ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) পেয়েছেন ৫১ ভোট।
পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৯৬৫। ১৩টি কেন্দ্রে শতকরা ৮০ ভাগের বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে।
মেহেরপুর পৌরসভায় ১৫টি কেন্দ্রে গত মঙ্গলবার ভোট গ্রহণ হয়। কিন্তু ওই দিন সকাল পৌনে দশটার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান। নির্বাচনের আগের রাতে দুর্বৃত্তরা এ দুটি কেন্দ্রে গিয়ে ব্যালট ছিনতাই করে বাক্সে ভরে দেয় বলে অভিযোগ ওঠে।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।