১৩ জেলায় আরও ১৪২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলমান হরতালে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান চলছেই। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত ১৩ জেলা থেকে ১৪২ জনকে আটক করে পুলিশ ও যৌথ বাহিনী। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
সিরাজগঞ্জে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে এবং কুড়িগ্রামে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া নাগেশ্বরী থেকে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সদরের জামায়াতের নেতা ও একাধিক মামলার পলাতক আসামি তারেক বিন মোক্তারকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানায় তারেকের বিরুদ্ধে রামু বৌদ্ধপল্লিতে হামলা, পুলিশের ওপর আক্রমণসহ নাশকতার পৃথক মামলা রয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে জামায়াতের দুই কর্মীকে এবং নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ১২ নেতা-কর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলার খামারকান্দি গ্রামের খয়রাত আলী (৬০) ও রামনগর গ্রামের ইনছান আলীকে (৩১) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাত আটটায় তাঁদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সাতক্ষীরায় জামায়াত-বিএনপির তিন কর্মীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গতকাল অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতা-কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ছয়জন এবং জামায়াতে ইসলামীর দুজন বলে জানিয়েছে পুলিশ।
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা ১৬টি ককটেলসহ শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার তুলসিঘাটে পেট্রলবোমা মেরে আটজনকে হত্যা মামলার একজন আসামিও আছেন।
মানিকগঞ্জে বিএনপির সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়ার বরলিয়া ইউনিয়নের পেরলা গ্রাম থেকে মহিউদ্দিন ওরফে রনি (২৫) নামে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।