অব্যাহতির ১৩ দিনের মাথায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ এন এম শফিকুর রহমানকে গতকাল শুক্রবার স্বপদে পুনর্বহাল করেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এর আগে ২৩ মে এরশাদের বনানীর কার্যালয়ে মারামারির অভিযোগে এইচ এন এম শফিকুর রহমানকে দল থেকে অব্যাহতি দেন এরশাদ। দলে তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছিল। জাপার কুমিল্লা দক্ষিণ জেলার কমিটি গঠন নিয়ে ওই এলাকার দলীয় সাংসদ নুরুল ইসলামের (মিলন) সঙ্গে এইচ এন এম শফিকুর রহমানের বিরোধের জের ধরে ওই দিন বনানীর কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
১৩ দিনের মাথায় আবার প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় কমিটিতে পুনর্বহালের বিষয়ে জানতে চাইলে এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বলেন, শফিকুর রহমান ক্ষমা চেয়ে দলে ফিরতে আবেদন করেছিলেন। সেটা বিবেচনায় নিয়ে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নিয়েছেন দলের চেয়ারম্যান।