১৩ বছর পর কমিটি, তিন পক্ষের বিবাদ কমার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ১৩ বছর পর কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগ-দলীয় সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে উপজেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের লোকদেরই রাখা হয়েছে।
নাছিমুলকে দীর্ঘদিন পর দলের আহ্বায়ক করায় বিবদমান তিন পক্ষের মধ্যে কোন্দল কমবে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ২৫ এপ্রিল ওই কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা গেছে, কমিটিতে ১০০ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান নৌবাহিনীর সাবেক প্রধান মো. আবু তাহের, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ নেতা চিকিত্সক আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলাম, একই কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক এনামুল হক প্রমুখ।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জানুয়ারি সাবেক সাংসদ আবদুল হাকিমকে সভাপতি ও খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে বরুড়া উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর ২০১০ সালের ১৭ অক্টোবর তৎকালীন সাংসদ নাছিমুল আলম চৌধুরী নিজে আহ্বায়ক হয়ে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। ওই কমিটি দক্ষিণ জেলা আওয়ামী লীগ অনুমোদন করেনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে নাছিমুল তাঁর পক্ষের এনামুল হককে চেয়ারম্যান পদে সমর্থন দেন। কিন্তু এনামুলের ঠিকাদারি পেশা থাকার কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক মোস্তাফিজুরকে চেয়ারম্যান পদে সমর্থন দেন। ওই দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে আবদুল হাকিম মারা যান। আর নির্বাচন করে মোস্তাফিজুর পরাজিত হন। এরপর থেকে বরুড়া উপজেলা আওয়ামী লীগে তিনটি পক্ষের সৃষ্টি হয়।
বিবদমান তিন পক্ষের নেতারা হলেন সাবেক সাংসদ নাছিমুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলাম এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এনামুল হক। নতুন ঘোষিত কমিটিতে তিন নেতার অনুসারীরা স্থান পাওয়ায় এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি।
এ বিষয়ে নবনির্বাচিত আহ্বায়ক নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বরুড়া উপজেলা আওয়ামী লীগে কোনো কোন্দল নেই।’