১৩ বছর পর মহেশখালী আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর পর কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ সাধারণ সম্পাদক পদে লড়ছেন। তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান।
উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে এ সম্মেলন হবে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রথম অধিবেশন শেষে ২০৪ জন কাউন্সিল গোপন ভোটে নেতা নির্বাচন করবেন।
সম্মেলনে উপজেলার কমিটির সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম।
সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহানের দাবি, তাঁর প্রতিদ্বন্দ্বী সাংসদ আশেক উল্লাহ রফিক প্রার্থী হওয়ায় কাউন্সিলরা বিপাকে পড়েছেন। অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করছেন।
তবে এ বিষয়ে সাংসদ আশেক উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
সম্মেলনের বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে জানান, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০৪ জন কাউন্সিলর এবং দুর্গম উপকূলের লোকজনের যাতায়াতের সুবিধার্থে বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে।
২০০২ সালে ৩০ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে দলের সভাপতি পদে আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম আজিজুর রহমান নির্বাচিত হন। কিন্তু সাংসদ আশেক প্রার্থী হওয়ায় আজিজুর রহমান সরে দাঁড়ান। তিনি বলেন, ‘টানা ২৩ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদের দায়িত্ব পালন করেছি। দলের নেতৃত্বে তরুণ প্রজন্ম দরকার, তাই এবার প্রার্থী হইনি।’