দীর্ঘ ১৩ বছর পর গতকাল সোমবার শেরপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন কমিটি গঠন করা হয়নি। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি পরে নতুন কমিটি ঘোষণা করবে। দলটির নেতা-কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
গতকাল দুপুরে জেলা শহরের রঘুনাথ বাজার এলাকার বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ মো. মাহমুদুল হক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান। প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী ও মো. শরিফুল আলম। সম্মেলন শেষে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক বলেন, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হলেও দলের কমিটি ঘোষিত হচ্ছে না। কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের লিখিত মতামত নিয়ে গেছেন। দলের চেয়ারপারসন ও মহাসচিবের সঙ্গে আলোচনাক্রমে জেলা বিএনপির নতুন কমিটির নাম ঘোষণা করা হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও মামুনুর রশীদ পলাশের নেতৃত্বে দলের একাংশ আজকের সম্মেলন নিয়ে বিরোধিতা করে আসছিল। পরে গত রোববার রাতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক এবং সম্মেলন অনুষ্ঠিত হয়।