১৩ সদস্যেই মেয়াদ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর মেয়াদের মধ্যে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল। কিন্তু তা আর হলো না। ১৩ সদস্যের কমিটি দিয়ে বছর পার হয়ে গেল রংপুর জেলা ছাত্রলীগের। এ অবস্থায় অনেক নেতা-কর্মী অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন।
২০১৪ সালের ৮ ডিসেম্বর টাউন হলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের কমিটি সূত্র জানায়, ওই সময় সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। সম্মেলনের পরদিন ঢাকা থেকে ১৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে সভাপতি-সম্পাদকসহ সহসভাপতি পাঁচজন, সাংগঠনিক সম্পাদক তিনজন ও যুগ্ম সম্পাদক তিনজন। এই কমিটির একজন সাংগঠনিক সম্পাদক সাদিউর রহমান স্বাধীনকে ২০১৫ সালের ২০ অক্টোবর রংপুর মহানগর কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। একজন কমে গিয়ে কমিটির সদস্য দাঁড়ায় ১২-তে। এই কমিটির মেয়াদ ছিল এক বছর, যা গত বছরের ৯ ডিসেম্বর শেষ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ নেতা-কর্মীর অভিযোগ, এক বছর আগে সম্মেলন হলো। কাউন্সিলরদের নিয়ে অধিবেশন হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। এর ফলে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা তাঁদের কথা বলার সুযোগ পাননি। এতে অনেকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কিন্তু আশার আলো হয়ে জ্বলছিল পূর্ণাঙ্গ কমিটি। এক বছর পেরিয়ে সেই আলোও এখন নিভুনিভু।
নগরের সাতগাড়া এলাকার ছাত্রলীগের কর্মী আবু হোসেন বলেন, পূর্ণাঙ্গ কমিটি না করেই এক বছর পার হয়ে গেল। তাঁর জিজ্ঞাসা, ‘এভাবে কি নেতৃত্ব তৈরি হয়?’
ছাত্রলীগের মাঠপর্যায়ের আরও এক কর্মী ইলিয়াছ আলী বলেন, সংগঠন করতে গিয়ে সবারই একটা স্বপ্ন থাকে জেলা কমিটির সদস্য হওয়ার। কিন্তু সে আশা এখনো অধরাই রয়ে গেল।
পূর্ণাঙ্গ কমিটি না হওয়া প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কেন্দ্রীয় কমিটির কাছে এই কমিটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নামের একটি তালিকা গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় কমিটিকে দেওয়া হয়েছে।