ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৩টিতে চেয়ারম্যান পদে কেবল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। আর ৬৩টিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য পাওয়া গেছে। এই ধাপে নির্বাচন হবে ৬৪৭টি ইউপিতে।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, দুই ধাপে মোট ১৬২টি ইউপিতে চেয়ারম্যান পদে তাঁদের দলের কোনো প্রার্থী নেই। তিনি অভিযোগ করেন, সরকারি দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা কোথাও কোথাও তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি। কোথাও প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। আবার কোথাও বাছাইয়ে বাতিল করা হয়েছে।
প্রথম ধাপে ৭৩৪টি ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে চূড়ান্ত প্রার্থীর হিসাব আজ শুক্রবার পাওয়া যেতে পারে বলে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে। তবে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, এ ধাপে কমপক্ষে ৬৬টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিএনপির দাবি অনুযায়ী, এ ধাপে ১১৪টি ইউপিতে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার শিকার হয়েছেন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ মার্চ। কমিশন সচিবালয়ের হিসাব অনুযায়ী, এসব ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ১০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী ১ হাজার ৫৫৫ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী।
১৩টিতে কেবল আ.লীগের প্রার্থী: দ্বিতীয় ধাপের ১৩টি ইউপিতে মাত্র একজন করে প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁরা আওয়ামী লীগ মনোনীত। এই ইউপিগুলো হলো কিশোরগঞ্জের বাজিতপুরের দিঘীরপাড়; গোপালগঞ্জ সদরের বোড়াশী, বৌলতলী, দুর্গাপুর, কাঠি; জয়পুরহাট সদরের ধলাহার, দোগাছী ও জামালপুর; ভোলা সদরের কাচিয়া; মাদারীপুর সদরের ঝাউদি এবং ফেনীর পরশুরাম উপজেলার চিথিলা, বক্স মাহমুদ ও মির্জানগর। বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ায় কমিশন পরশুরামে মনোনয়নপত্র জমার সময় এক দিন বাড়ায়। কিন্তু গতকাল সন্ধ্যায় ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, তিন ইউপিতে মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
বিএনপির প্রার্থী নেই ৬৩টিতে: কেবল আওয়ামী লীগের প্রার্থী থাকা ১৩টি এবং আরও ৫০টি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এই ৫০টি ইউপি হলো গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ও রামজীবন; গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী, বান্ধাবাড়ী, হিরণ, কালাবাড়ী, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম; গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলীয়া, গোবরা, গোপীনাথপুর, জালালাবাদ, কাজুলিয়া, করপাড়া, লতিফপুর, মাঝিগাতি, নিজরা, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল ও উরফি; চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গাপুর; জামালপুর সদরের বাঁশচড়া; জয়পুরহাট সদরের পরাণপৈল; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ধর্মগড় ও নেকমরদ; দিনাজপুরের ফুলবাড়ীর আলাদিপুর, বিরামপুরের দিওড়, খানপুর ও পলিপ্রয়াগপুর; পাবনার ফরিদপুর সদরের ফরিদপুর; মাদারীপুর সদরের বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কালিকাপুর, শিরখারা, দুধখালী, কেন্দুয়া ও মোস্তফাপুর; মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকোর্ট ও রাজনগর; রংপুরের পীরগঞ্জের সেনেরহাট এবং সিলেটের কোম্পানীগঞ্জের তেলীখাল ও ইছাকলস।
কমিশন সচিবালয়ের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, ৬৪৭টি ইউপিতে বর্তমানে আওয়ামী লীগের প্রার্থী ৬৪৮ এবং বিএনপির ৫৮৭ জন। তবে কয়েকটি ইউপিতে দুটি দলেরই একাধিক প্রার্থী রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির ১৭৫, জাসদের ২৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯৩, ওয়ার্কার্স পার্টি ও জাকের পার্টির ৬ জন করে, সিপিবি ও জাতীয় পার্টি-জেপির ৫ জন করে, এনপিপি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন করে এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাপ ও বিকল্পধারা বাংলাদেশের ১ জন করে প্রার্থী রয়েছেন।
বিএনপির অভিযোগ: গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দুই ধাপের ১৬২টি ইউপিতে বিএনপির প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। কোথাও কোথাও প্রত্যাহারে বাধ্য করা অথবা ঠুনকো অজুহাতে প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রিজভী বলেন, এখন বিএনপির প্রার্থীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাঁরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, নাকি বাবা-মা, স্ত্রী-সন্তান-ঘরবাড়ি-ভিটেমাটি, চাকরি রক্ষা করবেন? তিনি নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন।