পঞ্চম ধাপে মুন্সিগঞ্জ সদর উপজেলার ছয়টি ও গজারিয়া উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ শনিবার ভোট। এসব ইউপির ১৩৫ কেন্দ্রের মধ্যে ১৩২টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৯৯টিকে। গতকাল শুক্রবার জেলা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রথম আলোকে বলেন, নির্বাচনের নিরাপত্তাবলয় কঠোরভাবে সাজানো হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রকে আলাদা করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে যেকোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। প্রয়োজনে গুলি চালানো হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা দুইটার পর থেকেই নির্বাচনী সরঞ্জাম সদর ও গজারিয়া উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়। প্রতিটি ইউপিতে একজন করে নির্বাহী হাকিম ও তাঁর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) একদল সদস্য থাকবেন। এ ছাড়া র্যাব, পুলিশ ও আনসার থাকবে।