১৪ ইউপিতে আ.লীগ ও বিএনপি সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির পাঁচজন করে প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের তিনজন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন।

বালাগঞ্জের ছয়টি ইউপির চারটিতে আওয়ামী লীগের এবং দুটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। আওয়ামী লীগের জয়ী চারজন হলেন বোয়ালজুড়ে আনহার মিয়া, পূর্ব পৈলনপুরে আবদুল মতিন, পশ্চিম গৌরীপুরে আমিরুল ইসলাম ও পূর্ব গৌরীপুরে হিমাংশু রঞ্জন দাস। বিএনপির নির্বাচিত দুজন হলেন বালাগঞ্জ ইউপিতে আবদুল মুনিম ও দেওয়ানবাজারে নাজমুল আলম।

ওসমানীনগরের আটটি ইউপির তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনীত একজন ও বিএনপির এক বিদ্রোহী জয়লাভ করেছেন। এ উপজেলায় নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন পশ্চিম পৈলনপুরে আবদুল হাফিজ এ মতিন, বুরুঙ্গায় এম জি রাসুল খালেক আহমদ ও উসমানপুরে ময়নুল আজাদ ফারুক। আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত প্রার্থী হলেন উমরপুরে গোলাম কিবরিয়া। বিএনপির জয়ী তিন প্রার্থী হলেন সাদীপুরে আবদুর রব, তাজপুরে ইমরান রব্বানী ও দয়ামীর ইউপিতে এস টি এম ফখর উদ্দিন। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে গোয়ালাবাজার ইউপিতে আতাউর রহমান জয়ী হয়েছেন।

এর আগে চতুর্থ ধাপে সিলেটের দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার ২৪টি ইউপির মধ্যে বিএনপির প্রার্থীরা ৯টি ও আওয়ামী লীগের প্রার্থীরা ৭টিতে জয়ী হয়েছিলেন। এর আগে তিন ধাপে ৩৬টি ইউপির মধ্যে আওয়ামী লীগ ১২টি ও বিএনপি ৭টিতে জয়ী হয়।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, ‘দলের বিদ্রোহী প্রার্থী না থাকলে আমরা অন্তত আরও পাঁচ থেকে ছয়টি ইউপিতে জয় পেতাম। পরবর্তী ধাপে যেন দলীয় প্রার্থীদের পক্ষে তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, সেদিকে নজর থাকবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘দেশের অন্য অঞ্চলের চেয়ে সিলেটে বিএনপির অবস্থান ভালো। এখানে সাংগঠনিক অবস্থা ভালো থাকায় বিএনপির প্রার্থীরা সরকারদলীয় প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হচ্ছেন।’