জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড মওকুফ করে আমৃত্যু কারাদণ্ডের রায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চালু ধারণাই বাস্তব রূপ পেয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের অনেকেই বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আঁতাত হয়নি, সরকার এমন বার্তা দিতে চাইলেও রায় ঘোষণার পর জনমনে এই বিশ্বাস সুদৃঢ় হয়েছে। এঁদের অনেকেই মনে করেন, আদালতের রায় দেখিয়ে সরকার জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে।
কেউ কেউ আবার এটি আঁতাত, না সরকারের রাজনৈতিক কৌশল—তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা জানিয়েছেন। তাঁদের মতে, বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আরও দু-একটি রায় দেখতে হবে। সাঈদীর রায়ের বিষয়ে মহাজোটের শরিক দল ও বিরোধী দল বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এই সংশয়ের চিত্র পাওয়া গেছে।
সরকারি দল আওয়ামী লীগসহ ১৪ দল সাঈদীর বিরুদ্ধে গতকাল বুধবার দেওয়া রায় আনুষ্ঠানিকভাবে মেনে নিলেও তারা বলেছে, তাদের প্রত্যাশা ছিল, সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে। তারা আরও বলছে, প্রত্যাশা পূরণ না হলেও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ক্ষমতাসীন জোটের আনুষ্ঠানিক অবস্থান এটি হলেও সরকার ও তার শরিক নেতাদের অনেকেই এই রায় নিয়ে প্রশ্ন তুলছেন। পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করে তাঁরা বলছেন, সরকারের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে জামায়াত কিছুটা ছাড় পেয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার চেয়ে জনমনে স্বস্তি ও শৃঙ্খলা থাকার বিষয়টি এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁরা।
গত ৫ জানুয়ারির নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় হলো সাঈদীর বিরুদ্ধে। গতকালই আপিল বিভাগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের শুনানি শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষা। এরপর আরও চারটি মামলার রায় ঘোষণা করা হবে পর্যায়ক্রমে। প্রায় আট মাস ধরে রায় ঘোষণা না হওয়া এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে একধরনের স্থবিরতা তৈরি হওয়ায় সরকারের সঙ্গে জামায়াতের আঁতাত হওয়ার কানাঘুষা শুরু হয়।
গতকাল রায় ঘোষণার পর আইনমন্ত্রী আনিসুল হক উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি কিছুটা হতাশ ও মর্মাহত। আর ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে—এমন আশা করলেও সর্বোচ্চ আদালতকে সম্মান জানান তাঁরা।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১৪ দলের সভায় এই রায় মেনে নেয়। তবে সভার বাইরে এসে দলের নেতাদের কথায় বেরিয়ে এসেছে, তাঁরা খুশি নন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই, গতকালের রায়ে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে।’ তবে জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হওয়ার লক্ষণ তিনি দেখছেন না বলেও মত দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, দেশ পরিচালনার স্বার্থে ও জনগণের জানমাল রক্ষায় কিছুটা কৌশলী হলেও আওয়ামী লীগ আঁতাতের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই মন্ত্রী বলেন, আদালতের রায় নিয়ে মন্তব্য না করে সরলভাবে বলা যায়, মৃত্যুদণ্ড বহাল থাকলে গত বছরের ২৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার আগে-পরের মতো একটি সহিংস ও অস্থির অবস্থা সৃষ্টি হতে পারত।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, ‘এই রায়ে অনেকেরই আশাভঙ্গ হয়েছে। তবে জামায়াতের প্রতি সরকারের নরম দৃষ্টিভঙ্গির কোনো কারণ আমি দেখি না। কারণ, আওয়ামী লীগের শীর্ষ থেকে নিচু পর্যায়ের সবাই জানেন, জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগকে এক বিন্দুও ছাড় দেবে না।’
এদিকে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক যে শীতল, তা দুই দলের নেতা-কর্মীরাও স্পষ্ট বুঝতে পারছেন। তার পরও বিএনপির নেতারা এখন পর্যন্ত বিশ্বাস করেন না, জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হতে পারে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াত প্রসঙ্গে বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে দলীয় নেতাদের সতর্ক করেছেন।
এ তথ্য জানিয়ে বিএনপির একাধিক নেতা বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার হওয়া বা না হওয়ার বিষয়ে বিএনপির সুস্পষ্ট কোনো অবস্থান নেই। তবে জামায়াত যদি তাঁদের শীর্ষ নেতাদের রক্ষা করতে পারে, তাহলে বিএনপি অখুশি নয়। তবে এর সঙ্গে বিএনপি সরাসরি যুক্ত হতে চায় না। আগের ধারাবাহিকতায় গতকালও বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে কি না, তা জানি না। এটা পরিষ্কার হবে আর কিছুদিন পর। তবে এটা হয়ে থাকলে সরকারের দুর্বলতা প্রকাশ পায়।’
রায় প্রসঙ্গে ওসমান ফারুক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার ধারণা, বিচারকেরা মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। আর সেটি করে যদি এই রায় ঘোষণা হয়ে থাকে, তাহলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।’
এ প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমি আগাগোড়া মনে করি, জামায়াতকে বন্ধুহীন করার বদলে বিএনপিকে বন্ধুহীন করার ভুল কৌশল নিচ্ছে সরকার। এর ফলে একদিকে জামায়াত বিএনপির আশ্রয় পাচ্ছে, অন্যদিকে স্বাধীনতাবিরোধী ওই দলটি আওয়ামী লীগের আত্মঘাতী ও ভ্রান্ত কৌশলের সুবিধা ভোগ করছে।
মানবতাবিরোধী অপরাধের আন্দোলনে জড়িত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম এবং গণজাগরণ মঞ্চের একাংশও গতকালের রায়ে ক্ষুব্ধ। এর সমালোচনা করছেন লেখক ও বুদ্ধিজীবীরাও। তবে গতকাল রায়ের পর হরতাল ঘোষণা করলেও কিছুটা স্বস্তিতে আছে জামায়াত।
বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ‘এটা হলো, সাপও না মরে, লাঠিও না ভাঙে—এমন একটি অবস্থা। এর লক্ষ্য, সরকারের নিজের অবস্থান সংহত করতে জামায়াতকে শান্ত রাখা এবং বিএনপি থেকে জামায়াতকে কিঞ্চিৎ দূরে রাখা। তবে জামায়াতও জানে, অস্তিত্ব রক্ষায় কখন, কার সঙ্গে কতটা সম্পর্ক রাখতে হবে।’