১৪ দলে নতুন অন্তর্ভুক্তি নিয়ে মতভিন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামে একটি দলের অন্তর্ভুক্তি নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছে। জোটের কোনো কোনো শরিক দলের নেতাদের বিরোধিতার কারণে এই দলটির অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত না হওয়ায় আজ সোমবার সন্ধ্যায় আবারও বৈঠকে বসছে ১৪ দল।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জোটে ইসলামিক ফ্রন্টকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর বিরোধিতা করেন। তিনি বলেন, ১৪ দল গঠন হয়েছিল ২৩ দফা কর্মসূচির ভিত্তিতে। ১৯৭২ সালের সংবিধানের চেতনায় এই জোট। নতুন দলটির আদর্শ, গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে না জেনে জোটে নেওয়া ঠিক হবে না। এরপর তরীকত ফেডারেশনসহ জোটের অন্য শরিক ও আওয়ামী লীগের অনেক নেতাও এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন।

বৈঠকে চালের দাম বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। শরিক দলের নেতারা বলেন, চালের দাম বৃদ্ধি জনগণের কষ্টের কারণ হয়েছে। তাঁরা বলেন, বাজারে দাম বৃদ্ধি ও গুদামে চাল কমে যাওয়ার পেছনে দায় কার তা খুঁজে বের করা উচিত। কেউ কেউ এ খাতে সিন্ডিকেটের অস্তিত্বের কথাও বলেন।

বৈঠকে বাজেটে পরিবর্তন আনায় সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। জাসদের একাংশের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বলেন, মন্ত্রিসভায় বাজেট পাস হওয়ার সময় কেউ কথা বলে না। কিন্তু সংসদে এসে অনেক মন্ত্রী বাজেট এবং অর্থমন্ত্রীকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছিলেন। এটা সংবিধানসম্মত নয়।

পরে মুখপাত্র নাসিম সংবাদ ব্রিফিংয়ে বলেন, আবগারি শুল্ক স্থগিত ও ভ্যাট আইন বাতিল হওয়ায় বিএনপির মুখ বন্ধ হয়ে গেছে। হোলি আর্টিজান বেকারিতে হামলার বর্ষপূর্তি উপলক্ষে নাসিম বলেন, এ ঘটনা মানুষের মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। সরকার ও প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় জঙ্গিদের যাত্রাপথ অনেকটা দুর্বল হয়েছে, কিন্তু নিঃশেষ হয়ে যায়নি।

বৈঠকে আওয়ামী লীগ ও শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।