১৪ দলের ঐক্য আরও সম্প্রসারিত হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৪ দল আরও সম্প্রসারিত হবে, ঐক্যও সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই। তা না হলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে।’
গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ১৯ জুন রোববার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি সফল করতে এই যৌথ সভা করা হয়। সারা দেশে সাম্প্রতিক গুপ্তহত্যার প্রতিবাদে ওই দিন ১৪ দলের নেতৃত্বে মানববন্ধন হবে। ঢাকায় হবে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মশালায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছিলেন, জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক-বাহকেরা শতভাগ ভণ্ড। সরকারে জাসদের একজনকে মন্ত্রী করার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। জাসদই বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর এ মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
যৌথ সভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের মূল নেত্রী শেখ হাসিনা। তিনি ১৪ দলের ঐক্যের প্রতীক। তাঁর অনুপ্রেরণায় ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন আদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়, ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আছে, থাকবে। যত দিন আমাদের লক্ষ্য অর্জিত না হয়, তত দিন থাকবে।’
যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাত্রলীগের কর্মশালায় সৈয়দ আশরাফের দেওয়া বক্তব্যের বিষয়ে বলেন, ‘ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়। হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব এ কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও জাসদের বিষয়ে সৈয়দ আশরাফের মন্তব্যের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা কোনো বিভেদ চাই না, ভুল-বোঝাবুঝির অবসান চাই। ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন একাত্তরের চেয়ে ভয়াবহ যুদ্ধে লিপ্ত আছি। সেই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য দেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী লীগের নেতা এস এম কামাল হোসেন প্রমুখ।