১৪ দলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতালে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনা করে ঢাকাসহ সারা দেশে গায়েবানা জানাজা করেছে কেন্দ্রীয় ১৪ দল। ঢাকায় আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নিহতদের আত্মার মাগফিরাত, অগ্নিদগ্ধদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। জানাজায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, কামরুল ইসলাম, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জানাজায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৪ দলের উদ্যোগে রাজধানীর প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জোটের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে সরকার-সমর্থক শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে যোগ দেন।