১৪ দলের বৈঠকে সংখ্যালঘু নেতাদের ক্ষোভ ও হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেছে বেছে সংখ্যালঘু ব্যক্তিদের হত্যার পর সরকারি দল ও ১৪-দলীয় জোটের শরিক দলগুলোকে পাশে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ১৪ দলের এক বৈঠকে সরাসরি এ অভিযোগ করেন ঐক্য পরিষদের এক নেতা। তিনি বলেন, রাজনৈতিক দলের নেতারা কেবল মুখের কথায় কাজ সারছেন। জোরালো অবস্থান নিচ্ছেন না।
গতকাল রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক যৌথ সভায় এই অভিযোগ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ সময় বৈঠকের সভাপতি ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমসহ অন্যরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
দেশজুড়ে একের পর এক নিশানা করে হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯ জুন ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি নিয়েছে ১৪ দল। এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে ১৪ দলের শরিক দল, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের নিয়ে গতকাল এ বৈঠক হয়। বৈঠকে জানানো হয়, ১৪ দলের নেতারা ১৪ জুন ঝিনাইদহ এবং ১৭ জুন পাবনা সফর করে শান্তি সমাবেশ করবেন।
বৈঠকের সূচনা বক্তব্যে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সংখ্যালঘু ব্যক্তিদের হত্যা করা হচ্ছে আতঙ্ক ছড়ানোর জন্য। যুদ্ধাপরাধী ব্যক্তিদের বিচার বাস্তবায়নের এই পর্যায়ে সেই মুখচেনা চিহ্নিত মহল বাংলাদেশে আঘাত হেনেছে। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রকাশ্যে খুনিদের পক্ষ অবলম্বন করেছেন।
রানা দাশগুপ্ত বৈঠকে বলেন, ‘আজকে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এবং নেতৃবৃন্দ যাঁরা আছেন, তাঁরা আমাদের কাছে নানান সময় নানা কথা বলেছেন, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, সবটাই কেবল মুখের কথা (লিপ সার্ভিস)। আমরা মুক্তিযুদ্ধে ধ্বংসযজ্ঞ ও গণহত্যার শিকার হয়েছিলাম। আর স্বাধীন বাংলাদেশে ৪৫ বছর পরেও আজকে আমরা একইভাবে ধ্বংসযজ্ঞ এবং গণহত্যার শিকার হচ্ছি।’
সংখ্যালঘুদের হত্যার পর আওয়ামী লীগ বা ১৪ দলের কাউকে পাশে না পাওয়ার অভিযোগ তুলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এই নেতা বলেন, ‘পাবনা ছাড়া আর কোথাও সরকারি দল বা ১৪-দলীয় জোটের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত কোনো নেতাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। মানুষ খুন হচ্ছে। দুই দিনের মাথায় যাচ্ছে কে? যাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, খ্রিষ্টিয়ান অ্যাসোসিয়েশন। আর মন্ত্রীদের মধ্যে যাচ্ছেন বীরেন শিকদার ও নারায়ণ চন্দ্র চন্দ। তাহলে কী অবস্থা আজকের বাংলাদেশে?’
জামায়াত প্রসঙ্গে রানা দাশগুপ্ত বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের মতো, একাত্তরের ঘাতকেরা একই ধারায় গৃহযুদ্ধের পাঁয়তারা শুরু করেছে। আজকে শুধু এক দিনের মানববন্ধনে কাজ হবে না। একাত্তরের আদর্শিক ধারায় সব রাজনৈতিক দলকে এক জোট হতে হবে।’
এই বক্তব্যে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি রানা দাশগুপ্তকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো জামায়াত-শিবিরের নাম বললেন না। সব দলকেই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চায় কেন? চেয়ে কী লাভ? যারা খুনি চিহ্নিত তাদের কথা বলেন না। সব দলকে আহ্বান করেন কী করে? খুনিদের নিয়ে কীভাবে আন্দোলন?’
পরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আরেক নেতা নিম চন্দ্র ভৌমিক বলেন, স্বাধীনতাবিরোধী চিহ্নিত চক্র গুপ্তহত্যায় জড়িত। তাদের বিরুদ্ধে যেকোনো আন্দোলনে তাঁরা রাজপথে থাকবেন।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু ভারত ও সোভিয়েত ইউনিয়নের কাছে ভিন্ন বার্তা দেওয়ার জন্যই কুচক্রী মহল সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করেছে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘স্বীকার করছি সংখ্যালঘুরা বেশি মারা গেছে। তার মানে আমরা সবাই ভালো আছি, বিষয়টা এমন নয়। এখন সংখ্যালঘু বেশি নির্যাতনের শিকার—এটা বলা ঠিক হচ্ছে কি না, তা ভেবে দেখা দরকার।’
রানা দাশগুপ্তের উদ্দেশে নাজমা আক্তার আরও বলেন, ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আঁতাত করেছে বিএনপি। দুজন সংখ্যালঘু ব্যক্তি যোগাযোগ করিয়ে দিয়েছেন। তাঁরা যে ষড়যন্ত্র করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কী ব্যবস্থা নিয়েছে?’
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমি বিশ্বাস করি, এসব হুমকিতে হাসানুল হক ইনু শুধু নন, আমরা কেউ ভয় পাই না।’
বৈঠকে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের দীপু মণি, জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাসদের অপর অংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।