১৪ দিন পর দলীয় কার্যালয়ে নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালনের জন্য ১৪ দিন পর গতকাল সোমবার চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনে গেলেন বিএনপির নেতারা। নেতা-কর্মীরা মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছেন সেখানে। ৫ জানুয়ারি সর্বশেষ দলীয় কার্যালয়ে যান বিএনপির নেতা-কর্মীরা।

সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা আলোচনা ও মিলাদে উপস্থিত ছিলেন। পরে লালখান বাজারে প্রতিবন্ধীদের মধ্যে বিএনপির নেতারা শীতবস্ত্র বিতরণ করেন।

নাসিমন ভবনের আলোচনা সভায় সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘সরকার গোটা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। এই অবস্থা থেকে খালেদা জিয়াও বাদ পড়েননি। মানুষের মৌলিক অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকা যায় না। এই সরকারের দিন শেষ হয়ে আসছে।’

শাহাদাৎ হোসেন বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে। কিন্তু জনগণ জেগে উঠেছে। এই সরকারকে বিদায় করে নেতা-কর্মীরা ঘরে ফিরবেন।’ তিনি দাবি করেন, দেশে কার্যত এখন একদলীয় স্বৈরশাসন চলছে। খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন সফল হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। খালেদা জিয়া আবার দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করবেন।