১৪ বছর পর দিনাজপুর মহিলা আ.লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। তবে ১৪ বছর পর হওয়া এ কমিটিকে অবৈধ ও অগণতান্ত্রিক বলে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তা প্রত্যাখ্যান করেছেন।

৬৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে জিনাত আরা চৌধুরীকে সভাপতি এবং শিরিন ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ ও সাধারণ সম্পাদক পিনু খান গত ২৮ ফেব্রুয়ারি এ কমিটি অনুমোদন করেছেন।

দিনাজপুরে মহিলা আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম। আরেক পক্ষ বর্তমান কমিটির সভাপতি জিনাত আরা চৌধুরী এবং সাধারণ সম্পাদক শিরিন ইসলামের সমর্থক।

গত ২০ ফেব্রুয়ারি দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য স্মৃতিকণা বনশ্রী বিশেষ অতিথি ছিলেন। বিবদমান দুটি পক্ষের বাদ-প্রতিবাদের মুখে পুলিশ ও র‌্যাবের কড়া পাহারায় অনুষ্ঠিত সম্মেলন মঞ্চে কোনো ব্যানার টানাতে দেওয়া হয়নি।

সম্মেলনে দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকে সেখানে অনুপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রস্তাবিত ১১ জনের নাম লিখে নিয়ে বলেন, ঢাকায় গিয়ে তিনি কেন্দ্রীয় কমিটিতে এ নিয়ে আলোচনা করবেন। প্রয়োজনে ঢাকায় অথবা দিনাজপুরে বসে কমিটি গঠন করা হবে।

সম্মেলনের দিনই দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম। তাঁরা অভিযোগ করে বলেন, এ সম্মেলনের বিষয়টি তাঁদের জানানো হয়নি। গঠনতন্ত্রকে অমান্য করে একটি গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে সম্মেলন অনুষ্ঠানের চেষ্টা করা হয়েছে। এ কারণে তাঁরা এ সম্মেলন প্রত্যাখ্যান করেন।