১৪৩ জন কাউন্সিলরের মধ্যে নারী দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পাঁচ মাস পর আগামীকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এবার কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হবে। তবে উপজেলা ও পৌরসভা থেকে নির্বাচিত ১৪৩ কাউন্সিলরের তালিকায় রয়েছেন মাত্র দুজন নারী। এতে নারী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৫ ধারার ক উপধারায় ‘সংগঠনের সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব’ শিরোনামে বলা আছে, আগামী ২০২০ সালের মধ্যে ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদসহ দলের সব স্তরের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী-পুরুষের সমতা আনার লক্ষ্যে ক্রমবর্ধমান হারে এই অনুপাত বৃদ্ধি অব্যাহত থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৩০ অনুচ্ছেদের ক ধারা অনুয়াযী, উপজেলা/থানার মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ হাজারে একজন করে কাউন্সিলর হবে। সে হিসাব অনুসারে, বালিয়াডাঙ্গী ২০ জন, হরিপুর ১৫, রানীশংকৈল ২৩, পীরগঞ্জ ২৬, সদর ৫০ ও ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগ নয়জন কাউন্সিলর সম্মেলনে পাঠাতে পারবে। সম্মেলনের তারিখ ঘোষণার পর পাঁচটি উপজেলা ও একটি পৌর আওয়ামী লীগ তাদের ১৪৩ জন কাউন্সিলরের তালিকা তৈরি করে জেলায় পাঠিয়ে দেয়। কিন্তু কাউন্সিলরদের তালিকায় নারী প্রতিনিধি হিসেবে রানীশংকৈল থেকে সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান ও সদর উপজেলা থেকে মহিলাবিষয়ক সম্পাদিকা রেখা চক্রবর্তীকে রাখা হয়েছে।
গঠনতন্ত্রের ৩০ অনুচ্ছেদের খ ধারায় উপজেলা/থানা থেকে আরও পাঁচজন করে কাউন্সিলর নেওয়ার নিয়ম রয়েছে। তবে এ তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে জেলা মহিলা যুব আওয়ামী লীগের আহ্বায়ক তাহমিনা মোল্লা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের জন্য চেষ্টা করছেন। সরকার ও দলের গুরুত্বপূর্ণ পদে নারীদের রাখছেন। সেখানে জেলা সম্মেলনের ১৪৩ জন কাউন্সিলরের মধ্যে মাত্র দুজন নারী, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের গঠনতন্ত্রে নারীদের মর্যাদার কথা বলা হলেও তৃণমূল পর্যায়ে তা হরণ করা হচ্ছে। সম্মেলনের দাওয়াতপত্র ও পোস্টারে সাবেক সাংসদের নাম রাখা হলেও সংরক্ষিত নারী আসনের সাংসদের নাম রাখা হয়নি।
কাউন্সিলর হিসেবে নারীদের না রাখা প্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. ইমদাদুল হক বলেন, উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মহিলাবিষয়ক সম্পাদিকা পদেই একমাত্র নারী প্রতিনিধি রয়েছেন। তিনি আমার স্ত্রী বলে সমালোচনা এড়াতে তাঁকে কাউন্সিলর করা হয়নি। গঠনতন্ত্রে উল্লেখ থাকলেও আনুপাতিক হারে নারী প্রতিনিধি পাওয়া যাচ্ছে না।
সাংসদ সেলিনা জাহান জানান, উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কেবল মহিলাবিষয়ক সম্পাদিকা পদেই নারী রয়েছেন। রাজনীতিতে নারী প্রতিনিধি না পাওয়ার জন্য এমনটি হচ্ছে, তা নয়। এটা সংকীর্ণতার কারণেই হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলা হবে।