১৫ আগস্ট খালেদাকে কেক না কাটার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেক না কাটার অনুরোধ জানিয়েছে দলটি।

আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথ সভা শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিন পালনে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ওই শোকাবহ দিনে মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও কেউ জন্মদিন পালন করতে পারে না। তাঁকে (খালেদা জিয়াকে) আহ্বান জানাব এ ভুয়া জন্মদিন তিনি যেন পালন না করেন। আর যদি করেন তাহলে বঙ্গবন্ধুর খুনিদের তিনি মদদ দিয়েছেন বলে ধরে নেওয়া হবে।’ বিএনপির আন্দোলন হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, ‘আশা করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল শোক দিবস ক্ষুণ্ন হয় এমন কর্মসূচি দেবে না।’

মাসব্যাপী শোক ও অন্যান্য দিবসের কর্মসূচি: আগামীকাল বিকেল পাঁচটায় ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধু ভবনের সামনে কৃষক লীগের রক্তদান কর্মসূচি ও আলোচনা। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট সকাল আটটায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আবাহনী ক্রীড়াচক্রের মাঠে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা। ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা এবং বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিল।
১৫ আগস্ট শোক দিবসে সকাল সাতটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া এ দিন সারা দেশে কুরআনখানি, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি রয়েছে।
১৬ আগস্ট বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রাঙ্গণে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা। ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ আগস্ট ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ উল আলম লেনিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক প্রমুখ।