
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে ‘জাতিকে বিভক্ত’ না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৫ আগস্ট উপলক্ষে যুবলীগের শোক র্যালি-পূর্ব সমাবেশে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান।
আশরাফ বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করে জাতিকে বিভক্ত করা হয়। দয়া করে ১৫ আগস্ট জন্মদিন পালন করে আর জাতিকে বিভক্ত করবেন না।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘কিসের জন্য আপনি এ জন্মদিন পালন করেন? এটা কনটেম্প, এটা তাঁর (খালেদার) চরম ঘৃণার প্রকাশ।’ আশরাফ বলেন, খালেদা ১৫ আগস্ট জন্মদিন পালন করেন না, জন্মদিনে তিনি নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখেন।
আশরাফুল ইসলাম বলেন, বিএনপি চরম অশুভ শক্তি, কোনো রাজনৈতিক দল নয়। এটা একটা প্লাটফর্ম, যেখানে দুষ্কৃতকারীরা এক হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, “বিএনপির সঙ্গে কিসের সমঝোতা, কিসের আলোচনা?” ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে, শেখ রাসেলও বাদ যায়নি।
তাদের সঙ্গে কোনো সমঝোতা বা আলোচনা হতে পারে না। তারপর রাজনৈতিক বাস্তবতায় আমরা আলোচনার হাত বাড়িয়েছিলাম। কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। যারা শোক দিবসে জন্মদিন পালন করে, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।’
ব্রিটেনের রানির জন্মদিন পালনের উদাহরণ দিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘রানি এলিজাবেথের জন্মদিন ডিসেম্বরে হলেও তিনি তা জুলাই মাসে পালন করেন। ডিসেম্বরে শীতে লোকজনের কষ্ট হবে। খালেদা জিয়া আপনিও ১৫ আগস্ট বাদে ১৬ আগস্ট পালন করতে পারেন, আপনার জন্মদিন তো ১৫ আগস্ট না। জন্মদিন পালন আমাদের সংস্কৃতি না। এটা পশ্চিমা সংস্কৃতি।’