১৫ আগস্ট জাতির ইতিহাসে বড় ট্র্যাজেডি: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্ট জাতির ইতিহাসে বড় ট্র্যাজেডি, বিয়োগান্ত ঘটনা। খুনিরা এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জঘন্যতম বর্বরতা, নির্মমতা, পৈশাচিকতার প্রকাশ ঘটিয়েছিল।
আজ শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
হাসানুল হক ইনু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনা সুপরিকল্পিত। খুনিরা বঙ্গবন্ধুকে শুধু শারীরিকভাবে হত্যা করেনি, বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকেই হত্যা করতে চেয়েছিল। পাকিস্তান পন্থার রাজনীতিকে পরাজিত করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দলবাজি-ক্ষমতাবাজির অবসান করে সুশাসনের পথে এগোতে পারলেই বঙ্গবন্ধু স্বমহিমায় জাগরুক থাকবেন।
আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশ রাষ্ট্রের ওপর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির প্রতিশোধমূলক সবচেয়ে ভয়ংকর আঘাত। তিনি বলেন, শুধু বঙ্গবন্ধুকে হত্যাই নয়, জাসদসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করাই ১৫ আগস্টের খুনিদের প্রধান উদ্দেশ্য ছিল।
সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, ফজলুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মোহাম্মদ মোহসীন, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাতীয় কৃষক জোট নেতা কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ।
আলোচনা সভার আগে জাসদ এবং সহযোগী সংগঠন ঢাকা মহানগর জাসদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় কৃষক জোট, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, জাতীয় আইনজীবী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগের (হা-ন) পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। খবর বিজ্ঞপ্তির।