১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রেই গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে শহীদ এম. মনসুর আলী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় আমির হোসেন আমু এসব কথা বলেন। এম. মনসুর আলী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ’৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর সবচেয়ে কাছের জাতীয় চার নেতাকে ৩ নভেম্বর হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ওই দিন আরেকটি প্রতিবিপ্লব সংঘটিত করার জন্য এ হত্যাকাণ্ড ঘটায়। তারা সাময়িকভাবে সফলও হয়েছিল। কিন্তু বাংলার মুক্তিকামী মানুষের কাছে তারা বারবার পরাজিত হবে।

আমির হোসেন আমু বলেন, ‘সে সময় এসব কর্মকাণ্ড যারা করেছিল, তারা এখনো সক্রিয়। যখন পর্যন্ত না ’৭১-এর মতো জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘৩ নভেম্বর বিকেল থেকেই কারাগারের পরিস্থিতি অন্য রকম ছিল। তাঁদের শুধু গুলিই করা হয়নি, মৃত্যু নিশ্চিত করতে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’

সভাপতির বক্তব্যে এম. মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় চার নেতা স্বাধীনতার প্রশ্নে সামান্যতম ছাড় দেননি। তাঁদের যখন খুনি মুশতাক প্রস্তাব দিয়েছিল মন্ত্রিত্ব চাও, না মৃত্যু। তখন তাঁরা আপস করতে পারতেন, কিন্তু করেননি। মৃত্যুর আগেও চার নেতা একসঙ্গে ছিলেন, মৃত্যুর পরেও তাঁরা একসঙ্গে রয়েছেন।’ আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপি বারবার পরাজিত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘মানুষ ভয়বিহীন উদ্যান চায়। এই উদ্যান আমাদেরকে নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জেলা হত্যার স্মৃতিচারণা করে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘সেদিনের কথা মনে হলে আজও ঘুমাতে পারি না। এটি শুধু হত্যাকাণ্ডই ছিল না। এটি ছিল বাংলাদেশের রাজনীতিতে নেতাশূন্য করার পরিকল্পনা। শুধু খন্দকার মুশতাকই নয়, মূল নায়ক ছিল জিয়াউর রহমান।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বৈশাখীর টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু প্রমুখ।