১৫ আগস্টের দ্বিতীয় সংস্করণ ২১ আগস্ট: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘আমি মনে করি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনার দ্বিতীয় সংস্করণ ২১ আগস্ট। ওই দিন সরকারি মদদে এ হামলা করা হয়।’

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার স্মরণে আজ বুধবার রাতে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আমু। তিনি বলেন, ২১ আগস্ট হামলার পর তত্কালীন সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিহতদের লাশ সরিয়ে নেওয়ার সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অর্থাত্ হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

আমির হোসেন আমু দাবি করেন, ওই সময় সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করে। আবারও তদন্ত কমিটি হয়েছে। পুনরায় তদন্ত শুরু হয়েছে। ১৫ই আগস্টের খুনিরা যেমন ছাড় পায়নি, তেমনি ২১ই আগস্টের সত্যিকারের খুনিরা নিষ্কৃতি পাবে না। তিনি বলেন, আইভী রহমানসহ ২৬ জনকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ সময় তিনি যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

২১ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে আমু বলেন, ‘আমি ওইদিন স্টেজে (মঞ্চ) উপস্থিত ছিলাম। বক্তব্য শেষে যখনই নেত্রী নামলেন তখনই শুরু হলো গ্রেনেড হামলা। যখন তাঁকে গাড়িতে তোলা হলো তখনো তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো। একমাত্র শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।’

মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তাঁর সভাপতিত্বে মোমবাতি কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান, ফারুক হোসেন, শহীদ সেরনিয়াবাত প্রমুখ।