১৫ আগস্টের প্রথম ক্ষণে কেক কাটেননি খালেদা
প্রতিবছর ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার এই উদ্যাপনে ছন্দপতন হয়েছে, ১৫ আগস্টের প্রথম ক্ষণে কেক কাটেননি তিনি।
তবে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা বলেন, আজ শনিবার রাতে তাঁরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে জন্মদিনের কেক কাটতে পারেন।
১৯৯৬ সালের ১৫ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা শুরু করেন। তবে ১৯৯১ সালের ২০ মার্চ খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরকারিভাবে গণমাধ্যমে তাঁর যে জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছিল, তা পরদিন পত্রপত্রিকায় ছাপা হয়। তাতে বলা হয়েছিল, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৯ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিনে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন না করতে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার আহ্বান এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে এবার ১৫ আগস্টের প্রথম ক্ষণে কেক কাটা নিয়ে বিএনপির মধ্যেও ধোঁয়াশা ছিল।
গত রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, সাধারণত শুক্রবার ও ছুটির দিনে বিএনপির চেয়ারপারসন তাঁর কার্যালয়ে যান না।
তবে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারপারসনের কার্যালয়ে কেক নিয়ে যাওয়ার জন্য কার্যালয় থেকে একধরনের নির্দেশনা তাঁরা পেয়ে থাকেন। এবার পাননি।