১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পঁচাত্তরের পনেরো আগস্টের হত্যাকাণ্ড কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার বিরুদ্ধে।

রাজধানীর সুপ্রিম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনায়তনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে হত্যা করা জন্য। ষড়যন্ত্র এখনো চলছে। জঙ্গিবাদের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে রুখতে পারবে না।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাহারা খাতুন বলেন, বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য মদদ দিচ্ছে। তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের লক্ষ্য ছিল স্বাধীনতা। একাত্তরের ঘাতকেরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে, মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করতে এবং বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল।