১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা: মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। এর উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে হত্যা, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া।
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেনন এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাশেদ খান মেনন বলেন, ‘যে অশুভ শক্তি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের অগ্রগতি ও প্রগতির চাকাকে পেছনে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, সেই একই গোষ্ঠী ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারাই আবার মৌলবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করার হীন চেষ্টায় ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে হামলা চালিয়েছিল।’
মন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের সোপান পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে এবং মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে বর্তমান সরকারের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এ সময় বঙ্গবন্ধুকে জানতে তরুণ প্রজন্মকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়তে অনুরোধ করেন।
শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি দিলীপ রায়, কামাল চৌধুরী, হামিদ খান প্রমুখ।