১৫ দিন ধরে গুলশান কার্যালয়ে খালেদা জিয়া
গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ১৫ দিন ধরে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিশ্ব ইজতেমার শেষ দিন গতকাল রোববার ওই এলাকায় পুলিশের নিরাপত্তাব্যবস্থা কিছুটা জোরদার করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বনানী-কাকলী থেকে গুলশানে যাওয়ার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে নিজের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। গত শনিবার রাত পৌনে একটার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকে আবারও তালা দেওয়া হয়। গতকাল সকালে তা আবার খুলে নেওয়া হয়।
তবে কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ফটকের দক্ষিণ পাশে রাস্তায় একটি জলকামান এবং উত্তর পাশে পুলিশের দুটি ভ্যান আড়াআড়ি করে রাখা আছে। এ ছাড়া খালেদা জিয়ার কার্যালয়কে মাঝে রেখে দক্ষিেণ ৯০ নম্বর সড়কের মাথায় এবং উত্তরে ৮৭ নম্বর সড়কের মাথায় পুলিশের অবস্থান আছে। ওই রাস্তায় যানবাহন চলাচল এখনো বন্ধ আছে। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বাইরের কেউ দেখা করতে যাননি। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন ।