১৫ বছর পর হচ্ছে আ.লীগের সিলেট বিভাগীয় সম্মেলন
আওয়ামী লীগে ‘ভোটের ঐক্য’ স্থাপনে সিলেটে ১৫ বছর পর হচ্ছে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন।
৬ মার্চ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তিনটি পদে বিজয়ী হয়েছে বিএনপি। একই দিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছে আওয়ামী লীগ। এই দুই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের পেছনে ছিলেন বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থী আর দলীয় প্রার্থীর ভোট এক হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে জয়ের ব্যবধানও ছিল বিশাল।
ভবিষ্যতে দলে ভোটের ঐক্য মজবুত করতে প্রায় ১৫ বছর পর সিলেট বিভাগের চার জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের। ২২ মার্চ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কমিটির এক সভায় সম্মেলনের বিষয়টি চূড়ান্ত হয়। ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর ২০০২ সালে সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন হয়েছিল।
আগামী নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত ও তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে তৃণমূলকে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থিতার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থিতা থেকে বিরত রাখারও তাগিদ দেবেন।
জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন দীর্ঘ ১৫ বছর বিরতি দিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দলকে নির্বাচনমুখী করতে এ ধরনের সম্মেলন সিলেট বিভাগের চারটি সাংগঠনিক কমিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে বিভাগীয় সম্মেলন নিয়ে জেলা কমিটির প্রস্তুতি সভার পর আজ শনিবার জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর আওয়ামী লীগও প্রস্তুতি সভায় বসছে।