সম্মেলনের ১৫ মাস পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। দলীয় নেতারা বলছেন, উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতৈক্য না হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। ফলে দুই নেতা দিয়ে চলছে উপজেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কমিটি দিতে পারেননি।
দলীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হন কুদরত আলী। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হন।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, জাকিরুল ইসলাম ও কুদরত আলী পৃথকভাবে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দুটি কমিটি জেলা আওয়ামী লীগের কাছে জমা দেন। জেলা কমিটি কারও কমিটিরই অনুমোদন দেয়নি। তাঁদের দুজনকে একমত হয়ে কমিটি জমা দিতে বলা হয়। কিন্তু তাঁরা গতকাল শনিবারপর্যন্ত তা করতে পারেননি। গত ১৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন। সেখানেও তাঁদের একমত হয়ে কমিটি গঠন করতে বলা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী বলেন, দলের সভাপতি তাঁর সঙ্গে পরামর্শ না করে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কমিটি করেছেন। তাই তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে আরেকটি কমিটি করে জেলায় জমা দিয়েছেন।
জাকিরুল ইসলাম বলেন, কমিটি জমা দেওয়ার এখতিয়ার সভাপতির। তাই তিনি কমিটি গঠন করে জেলায় অনুমোদনের জন্য দিয়েছেন।