১৬ আগস্ট খালেদা জিয়াকে কেক কাটার আহ্বান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্ট রাতে জন্মদিনের কেক কাটাকে ‘কিছুটা উন্নতি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আশা করি, আগামীতে নিশ্চয়ই তিনি আরেকটু এগোবেন। হয়তো ১৫ আগস্ট তিনি কেকই কাটবেন না।’
গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমি ম্যাডাম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম, ১৫ আগস্ট আপনার জন্মদিন হলেও জাতির পিতার প্রতি সম্মান দেখিয়ে ১৬ আগস্ট আপনি কেক কাটেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। আপনি মেহেরবানি করে ১৫ তারিখ কেক কাটবেন না।’ তিনি বলেন, ‘১৫ তারিখে কেক কাটলে সেটা জাতিকে ঐক্যবদ্ধ করবে না, বরং আরও বিভক্ত করবে। তিনি আধা শুনলেন। সকালে কেক কাটলেন না। তবে রাতে কাটলেন। আমি মনে করি, এটা কিছুটা উন্নতি। আশা করি আগামীতে নিশ্চয়ই তিনি আরেকটু এগোবেন। হয়তো ১৫ তারিখে তিনি কেকই কাটবেন না।’
আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে এবার গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান নিজেদের মতো করে জাতীয় শোক দিবস পালন করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘এবার যে সাড়া পেয়েছি, তাতে আগামীতে সর্বজনীনভাবে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারব।’ তিনি আলোচনাকালে তাঁর দেখা বঙ্গবন্ধুর দুটি ঘটনার স্মৃতিচারণা করে বলেন, বঙ্গবন্ধু দৃঢ়চেতা, সাহসী ও প্রাঞ্জল নেতা ছিলেন। তাঁর মতো বাঙালি হয়তো আর আসবে না।
জঙ্গিবাদের অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীর গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘এত দিন আমরা প্রকৌশলী ও চিকিৎসকদের মধ্যে মৌলবাদের সঙ্গে সম্পৃক্ততার কথা শুনেছি। এবার এই কাতারে আইনজীবীরাও যুক্ত হলো। এটা আমাদের জন্য একটা অশনিসংকেত। এ ধরনের প্রবণতা খুবই উদ্বেগজনক। এ বিষয়ে আমাদের আরও ঐক্যবদ্ধ ও সতর্ক হতে হবে।’
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেজবাহউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মমতাজ উদ্দীন মেহেদী, সানজিদা খানম, মোতাহার হোসেন প্রমুখ।