১৬ জেলায় আরও ৪৭০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী ও পুলিশের ‘বিশেষ অভিযান’ অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৬ জেলায় পরিচালিত অভিযানে ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বক্তব্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২৩ জন বিএনপির এবং ১৬৫ জন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মী। বাকি ১৮২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবাইকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সরকার বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুনির্দিষ্ট অভিযোগের
ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।

জামালপুর: জেলা সদরসহ ৭টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ৯১ জনের মধ্যে ২৭ জন বিএনপির, ২০ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। বাকি ৪৪ জন বিভিন্ন মামলার আসামি। জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন সরিষাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ রানা (৪২)।

সাতক্ষীরা: নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার ৮টি উপজেলা থেকে গ্রেপ্তার করা ৪৪ জনের মধ্যে বিএনপির নেতা-কর্মী
৫ জন, জামায়াত-শিবিরের ২৮ জন। আর নিয়মিত মামলার আসামি ১১ জন।

 চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকায় সোমবার রাতে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা হলেন আকবর আলী (২৮) ও মোহাম্মদ রাশেদ (৩০)। পুলিশ জানায়, এঁদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নীলফামারী: এই জেলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫২ জনের মধ্যে বিএনপির নেতা-কর্মী ১০ জন, জামায়াতের ২৪ এবং নিয়মিত মামলার আসামি ১৮ জন।

সরাইলও কসবা (ব্রাহ্মণবাড়িয়া): জেলার এই দুটি উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া ৩৫ জনের মধ্যে বিএনপির ২৪, জামায়াত-শিবিরের ৭ জন। বাকি ৪ জন অন্যান্য মামলার আসামি।

কুষ্টিয়া: মেহেরপুরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে। সদর থানা-পুলিশ জানায়, এর মধ্যে ১৩ জন বিএনপির ও জামায়াতের ৪৩ জন।

যশোর: জামায়াতে ইসলামীর ৯, বিএনপির ১ নেতা-কর্মীসহ ৭৮ জনকে আটক করা হয়েছে। বাকি ৬৮ জন অন্যান্য মামলার আসামি।

রাজশাহী: মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল হান্নানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নগরের রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার লিলি সিনেমা হলের সামনে ট্রাকে আগুন দিয়ে চালকের সহকারীকে পুড়িয়ে হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর: বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে বিএনপির নয়জন ও জামায়াতের তিনজন।

টাঙ্গাইল: জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলমকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তাঁকে সাম্প্রতিক কয়েকটি ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে।

কুমিল্লা: চান্দিনা পৌরসভার দুই কাউন্সিলরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌর বিএনপির সদস্য ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহিদুজ্জামান সরকার, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুম খান প্রমুখ।

ঝিনাইদহ: চার উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে হরিণাকুণ্ডু উপজেলায় পাঁচজন, শৈলকুপায় দুজন, কোটচাঁদপুরে একজন ও মহেশপুর উপজেলায় একজনকে আটক করা হয়।

সিরাজগঞ্জ: উল্লাপাড়া থানার পুলিশ গতকাল একজন জামায়াতের ও বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার পূর্ণিমাগাঁতী গ্রামের জামায়াতের কর্মী জুলফিকার আলী এবং বেতুয়া গ্রামের বিএনপির কর্মী সিহাব উদ্দিন।

খুলনা: বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপির ১৫ জন ও জামায়াতের ৫ জন। বাকি ৩৭ জন বিভিন্ন মামলার আসামি।

পাটগ্রাম(লালমনিরহাট): পৌরসভা ও চার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।

কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চাকামইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান ওরফে ভিপি মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে।