‘গণতন্ত্র হত্যা’ দিবসে বিএনপির কর্মসূচি: বরিশালে আওয়ামী লীগের হামলা
১৬ জেলায় পুলিশের বাধা, লাঠিপেটা

২০১৪ সালের ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার সারা দেশে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করেছে বিএনপি। ১৬ জেলায় পুলিশ দলটির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে এবং নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত এক শ জন। পুলিশ আটক করেছে ১৫ জনকে।
বরিশালে প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির নেতা-কর্মীরা সকালে অশ্বিনীকুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে তাঁরা মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ কার্যালয় ছাড়ার নির্দেশ দেয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সদর রোড হয়ে প্যারারা রোডে ঢুকলে তাঁদের ওপর হামলা চালান আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা। বেধড়ক পিটুনিতে আহত হন মহানগর বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ফারজানা খানম, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরীফ তাসলিমা, সেলিনা বেগম ও সদস্য পাপিয়া বেগম এবং মহানগর বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো. আজাদ সিকদার।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল সদর রোডের অনামি লেনে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারসহ বিএনপির নেতা-কর্মীদের অন্য একটি দলের ওপর হামলা চালায় ক্ষমতাসীনেরা। এ সময় পুলিশের এলোপাতাড়ি পিটুনিতে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।
বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘রাজনীতির একটা কালচার থাকবে না? বরিশালে সেটাও নেই। রাজনৈতিক কর্মসূচি করতে দেবে না, পুলিশ নিজস্ব কার্যালয়েও থাকতে দেবে না, এটা তো হতে পারে না। কার্যালয় থেকে বের করে দিয়ে পুলিশি প্রহরায় হামলা চালানো হয়েছে। এটা ন্যক্কারজনক। এ ঘটনায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম জাহাঙ্গীর বলেন, ‘আমরা কর্মসূচি পালন করে অশ্বিনীকুমার হলের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর বোতল নিক্ষেপ করেন। তবে তাঁদের ওপর কোনো হামলা চালানো হয়নি।’
নারায়ণগঞ্জে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ১০ জন। বিকেলে নগরীর ডিআইটি এলাকায় পৃথক স্থানে এই লাঠিপেটার ঘটনা ঘটে। গুরুতর আহত সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহসভাপতি মঞ্জুরুল আলম মুছাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মহানগর যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, যুবদল কর্মী আলামিন খান ও বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
খুলনায় সকালে দলীয় কার্যালয়ের সামনে ও ফেরিঘাট চত্বরে বিএনপির তিনটি অংশ পৃথক সমাবেশ করে। তবে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
যশোর শহরের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের জড়ো হতে দেয়নি পুলিশ। এতে বিএনপির মূল কর্মসূচি পণ্ড হয়ে গেছে। তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল করেন তাঁরা।
নওগাঁ শহরে দুপুরে বিএনপির মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। লাঠিপেটায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারিসহ অন্তত ১৫ জন আহত হন। পুলিশ জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেনসহ ১১ নেতা-কর্মীকে আটক করেছে।
কুড়িগ্রাম শহরে পুলিশের বাধার মুখে মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সকালে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি। পরে দুপুরে ছাত্রদলের উদ্যোগে আম্বরখানা মোড়ে সমাবেশ হয়। সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধা দেয়।
চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডে কার্যালয় ঘেরাও করে রেখে বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।
নোয়াখালী শহরের মাইজদীবাজার-কলেজ রোডে সকালে মিছিল করলে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া ও লাঠিপেটা করে পুলিশ। লাঠিপেটায় শহর বিএনপির সাধারণ সম্পাদক জাফর উল্যাহ্সহ পাঁচজন আহত ও দুজনকে আটক করার দাবি করেছে দলটি।
এ ছাড়া ফেনীতে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে মিছিল-সমাবেশ করতে দেয়নি বিএনপির নেতা-কর্মীদের। খাগড়াছড়িতে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। টাঙ্গাইলে মিছিলে লাঠিপেটা ও সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। মির্জাপুরে পুলিশের বাধায় মিছিল হয়নি।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে শহর বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। রাজবাড়ীতেও দলটির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বগুড়ায় পুলিশি বাধায় মিছিল পণ্ড হলেও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। জয়পুরহাটে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। নেতা-কর্মীরা অভিযোগ করেন, এ সময় পুলিশ একটি ফাঁকা গুলি ছুড়েছে। এতে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
(সংশ্লিষ্ট এলাকা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে)