১৬ দলই নেই, ছিল না বিএনপির এক পক্ষও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমন্বয় সভায় ১৬ দলেরই কোনো নেতা বা প্রতিনিধি ছিলেন না। সমন্বয় সভায় যায়নি বিএনপির এক পক্ষের নেতা-কর্মীরাও। জোটের দলগুলোর মধ্যে বিএনপি ছাড়া জামায়াত, জাগপা ও খেলাফত মজলিশের নেতা-কর্মীরা সভায় অংশ নিয়েছেন।
বিএনপির নেতারা বলছেন, যে ১৬ দল সভায় আসেনি রংপুরে তাদের কার্যক্রম ও দলীয় কাঠামো নেই। শহরের আলমনগর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়।
সমন্বয় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, শিগগিরই সরকারবিরোধী আন্দোলন শুরু করা হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। বিএনপির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক যথাক্রমে সাইফুল ইসলাম, জেলা জামায়াতের জেলা আমির আবদুল গণি, জাগপার জেলা সভাপতি আবেদুর রহমান ও খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম।
জোটের ১৬ দলই সভায় উপস্থিত না থাকার বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, জোটের সব দলের কার্যক্রম রংপুরে নেই। বিএনপির এক পক্ষের সভায় অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে দলেরই ক্ষতি হবে।
গত জুন মাসে কেন্দ্রের নির্দেশে রংপুর মহানগর ও জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এই কমিটি নিয়ে অসন্তোষ আছে নেতা-কর্মীদের। এরপর থেকেই বিএনপিতে দুটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে।
সমন্বয় সভায় হাজির না হয়ে হত্যা ও গুমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির এক পক্ষ। দুপুর ১২টায় শহরের গ্রান্ড হোটেল মোড়ে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রইচ আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী, জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আবু তাহের।
সমন্বয় সভায় অংশ না নেওয়ার বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করে গত ৬ জুন ঢাকা থেকে একটি কমিটি গঠন করা হয়। আমরা এই কমিটির পরিবর্তন চাই। সে কারণেই পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।’
রাজশাহীতেও বিএনপির একাংশের বর্জন:
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গতকাল ২০-দলীয় জোটের রাজশাহী জেলার সমন্বয় সভা বর্জন করেছে দলের একাংশ। এ ছাড়া ২০ দলের মধ্যে নয়টি দলের কোনো প্রতিনিধি সমন্বয় সভায় যোগ দেননি। গতকাল বিকেলে রাজশাহী নগরের উত্তরা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিএনপির সভাপতি নাদিম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ।
রাজশাহী জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, নাদিম মোস্তফার স্বেচ্ছাচারিতার কারণেই তাঁরা সভা বর্জন করেছেন। জেলা বিএনপির অনেক শীর্ষ নেতাই সেখানে যাননি।
এ ব্যাপারে নাদিম মোস্তাফা বলেন, দলে সব ইউনিটের প্রতিনিধিই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোনো কোনো ইউনিটের সভাপতি, সম্পাদক আসতে না পারলেও তাঁদের পক্ষ থেকে প্রতিনিধিরা এসেছিলেন।