চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বিএনপির দুই পক্ষ ১৬ বছর পর ঐক্যবদ্ধ হয়েছে। রোববার ঢাকার উত্তরা এলাকার একটি রেস্তোরাঁয় দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার ঘোষণা দিয়েছে। বিষয়টি জানার পর দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের নির্বাচনের পর ক্ষমতায় থাকাকালে দলের সাংসদ এম এ মতিনের সঙ্গে দলীয় বিষয় নিয়ে জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক মমিনুল হকের দ্বন্দ্ব দেখা দেয়। এ দ্বন্দ্বের কারণে ১৬ বছর ধরে দুই পক্ষ হাজীগঞ্জ ও শাহরাস্তিতে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে। এ সময় দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘাতও হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বন্দ্বের কারণে ২০০৮ সালের নির্বাচনে দলের প্রার্থী হয়ে মমিনুল হক পরাজিত হন। ২০০৯ সালে মমিনুল হক জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। তখন মতিন অনুসারী নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েন। ২০১৪ সালে কেন্দ্র থেকে জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। পরে সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদকে আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শেখ ফরিদ আহ্বায়ক হওয়ার পর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় মমিনুল অনুসারী নেতা-কর্মীদের কমিটি ভেঙে দেন এবং মতিন অনুসারীদের দিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেন।
বিএনপির পাঁচজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মার্চ মাসে মমিনুল হক তাঁর বাড়িতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে দলকে ঐক্যবদ্ধ করার জন্য উভয় পক্ষের ২০ জন নেতাকে দায়িত্ব দেন। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সাবেক সাংসদ এম এ মতিন রোববারে বৈঠক আহ্বান করেন। বৈঠকে দুই পক্ষের নেতা-কর্মীরা সব বিভেদ ভুলে ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।
সে অনুযায়ী গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা-হামলায় নেতা-কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ সময়ে দুবার ঐক্যবদ্ধ হওয়ার খবরে নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গতকাল বিকেলে মুঠোফোনে সাবেক সাংসদ এম এ মতিন প্রথম আলোকে বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে দুই পক্ষের নেতারা বৈঠকে এসেছেন। দলের বৃহত্তর স্বার্থে ঐক্য করা হয়েছে, যাতে হাজীগঞ্জ-শাহরাস্তিতে নেতা–কর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব–সংঘাত না থাকে।
গত রোববার বৈঠকে উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (মতিন পক্ষ) ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে দলীয় নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম করে ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁদের চাঙা করার জন্য ঐক্যের কোনো বিকল্প ছিল না। এম এ মতিনের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (মমিনুল পক্ষ) আবু সুফিয়ান রানা বলেন, বৈঠকে উভয় পক্ষের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আগামী দিনের দলীয় কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। দুই উপজেলায় দলের আলাদা কমিটি প্রসঙ্গে আবু সুফিয়ান বলেন, এ বিষয়ে তেমন আলোচনা হয়নি।