১৬ সদস্যের কমিটির ১৩ জনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগের বেশি সময় পর গত বৃহস্পতিবার নেত্রকোনা জেলা ছাত্রদলের ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর এক দিন পর গতকাল শনিবার একে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে ১৩ জন সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
জেলা ছাত্রদল সূত্র জানায়, কোনো সম্মেলন না করেই গত বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে ১৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে শহরের নাগড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফরিদ হোসেনকে সভাপতি, ছাত্রদলের কর্মী অনিক মাহবুব চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। একে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংগঠনের একাংশের নেতা-কর্মীরা শুক্রবার দুপুরে শহরে আনন্দ মিছিল করেন। গতকাল সন্ধ্যায় কুরপাড় এলাকায় উপজেলা পরিষদের সামনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের ডেকে লিখিত বিবৃতি দিয়ে কমিটির ১৩ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। তাঁরা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে একটি পদত্যাগপত্রও পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে সই করা নেতারা হলেন সিনিয়র সহসভাপতি সারোয়ার আলম, সহসভাপতি তৌফিক হাসান খান, ফারদিন চৌধুরী, রায়হান ফারাস, দেলোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, মাহমুদ মোস্তফা, শামসুল হুদা ও এ টি এম মোস্তফা জামান; যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান, লতিফুল হক চৌধুরী, মাজহারুল ইসলাম ও এম এ সাঈদ ইমরান।
পদত্যাগী সিনিয়র সহসভাপতি সারোয়ার আলম বলেন, ‘দীর্ঘ সময় ধরে যাঁরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে পুলিশি নির্যাতন ও ক্ষমতাসীন দলের হামলা, মামলা, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা এ কমিটিতে স্থান পাননি। কমিটিতে আমাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। কিন্তু এ ধরনের পকেট কমিটির পদ আমি চাই না।’
পদত্যাগকারী সহসভাপতি তৌফিক হাসান খান বলেন, এক যুগ আগে জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও কেন্দ্রীয় নেতাদের উদাসীনতার কারণে এত দিন কমিটি হয়নি। সম্মেলন ছাড়া ও তৃণমূলের নেতা-কর্মীদের মতামত না নিয়ে এত দিন পর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা স্থান পাননি। তাই বাধ্য হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। এ কমিটি বাতিল করে নতুন কমিটি করার জন্য কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা ছাত্রদল সূত্র জানায়, ২০০৩ সালের ১৯ মে জেলা ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ৮১ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক ছিলেন শরিফুল হাসান। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এত দিন ধরে আর সম্মেলন হয়নি।
নতুন কমিটির সভাপতি ফরিদ হোসেন বলেন, ‘যাঁদের যোগ্য মনে করা হয়েছে, কেন্দ্র থেকে তাঁদেরই কমিটিতে রাখা হয়েছে। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’