১৭ ঘণ্টা পর 'ছাড়া পেলেন' বিএনপি নেতা
‘ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে তুলে নেওয়ার’ প্রায় ১৭ ঘণ্টা পর আজ বুধবার বিকেলে ফিরে এসেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দীন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাজধানীর আরামবাগের একটি বাস কাউন্টার থেকে তাঁকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছে বিএনপি। তবে ডিবি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
মহিউদ্দীনকে তুলে নেওয়ার প্রতিবাদে বুধবার বেলা সোয়া তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তাঁর দল। প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টার মধ্যে মহিউদ্দীনকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ওই সংবাদ সম্মেলনের প্রায় দুই ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে কারা কাজটি করেছে, তা রহস্যজনক।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঢাকার ডিবি পুলিশ মহিউদ্দীনকে মঙ্গলবার রাতে ধরে নিয়ে যায়। আগের দিন সোমবার সে আমাদের মহাসচিবের সঙ্গে দেখা করেছিল। তাঁকে ধরে নেওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে বলে ডিবি ধারণা করেছিল।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ডিবি অফিস থেকে ছাড়া পেয়ে মহিউদ্দীন আমার সঙ্গে প্রথমে কথা বলেছে। মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে এবং নাশকতার মামলা নিয়ে তাকে সারা রাত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।’
জানতে চাইলে ঢাকার গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) খোন্দকার নুরুন নবী প্রথম আলোকে বলেন, ‘আরামবাগ আমার এলাকার মধ্যে পড়েছে। তবে মহিউদ্দীন সাহেবকে কারা তুলে নিয়েছে, তা আমার জানা নেই। আমরা মঙ্গলবার রাতে আরামবাগে কোনো অপারেশনও করিনি।’
আজ বিকেলে মহিউদ্দীনের স্ত্রী ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমার বাবার কিডনি নষ্ট হয়ে গেছে। তাঁকে ভারতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এখন তিনি ঢাকায়। এ জন্য আমার স্বামী রোববার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন। গতকাল রাত ১২টায় চট্টগ্রামে ফেরার সময় তাঁকে ডিবি পুলিশ নিয়ে গেছে বলে তাঁর বন্ধুর কাছে খবর পাই।’
আরও পড়ুন...
বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ