১৭ জনকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং দলের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। পুলিশ অনুমতি না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি।
রিজভী দাবি করেন, এ কর্মসূচি থেকে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মদ, মতিঝিল থানা বিএনপির নেতা স্বপন, শ্যামপুর থানা বিএনপির নেতা শওকত আলী ও মিন্টু, শাহবাগ থানা বিএনপির নেতা ইব্রাহিম, বাবু, রবিউল, লাকী, কামরাঙ্গীরচর থানা শ্রমিক দল নেতা জসিমউদ্দিন, ছাত্রদল ঢাকা মহানগরের (পূর্ব) সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন বিশ্বাস ও আলমগীর হোসেন রাজু, ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন ও আরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলার খোকসা ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ছাত্রদল নেতা মনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রিজভী অভিযোগ করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল হুদার বাড়ির সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। নেতা-কর্মীরা শামসুল হুদার বাড়িতে প্রবেশ করলে পুলিশ বাড়িটি ঘিরে রেখে নেতা-কর্মীদের অবরোধ করে রাখে। যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং জেলা যুবদল ও ছাত্রদল নেতাদের বাসায় পুলিশ ব্যাপক তল্লাশি চালায়।
রিজভী বলেন, সরকার নিজেদের পতন ঠেকাতে পুলিশ ও দলীয় গুন্ডাদের দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা চালাচ্ছে। ন্যক্কারজনক ও পৈশাচিক কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পণ্ড করছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলেই তারা বিএনপির কোনো সভা-সমাবেশের কথা শুনলেই আঁতকে ওঠে।
আগে সমান সুযোগ নিশ্চিত করতে হবে
বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী খায়রুল কবিরের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে’ ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগে সবার জন্য সমান সুযোগ ও সমান্তরাল মাঠ তৈরি করতে হবে। এ জন্য তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
খন্দকার মোশাররফ বলেন, রমজানের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের একটি রূপরেখা দেবেন। আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে একটি নির্বাচনকালীন সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করার দাবি জানিয়ে মোশাররফ বলেন, এটি করার পর রোড ম্যাপে বিএনপি সহযোগিতা করবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডাকসুর সাবেক সহসভাপতি আমানউল্লাহর সভাপতিত্বে বিএনপির নেতা শামসুজ্জামান, হাবিবুর রহমান, হাবিব উন নবী খান, শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।