১৮ ডিসেম্বর ভর্তি শুরু ফের আন্দোলনের ঘোষণা ছাত্র জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে স্থগিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। বিভাগ উন্নয়ন ফি আট হাজার টাকা বহাল থাকছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিপ্রক্রিয়া শুরু হয় গত বৃহস্পতিবার। কিন্তু ওই দিনই বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা অবরোধ করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা। ওই দিন কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেননি। এ পরিপ্রেক্ষিতে বিকেলে ভর্তিপ্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্টরা বৈঠকে বসেন।
বৈঠক শেষে ভর্তি কমিটির সচিব উপরেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, বিভাগ উন্নয়ন ফি সর্বোচ্চ আট হাজার টাকা রাখার সিদ্ধান্ত হয়েছে। আর ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে।
প্রগতিশীল ছাত্র জোটের পক্ষে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি জানিয়েছি। এখনো তা বাতিল করা হয়নি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজ (গতকাল) রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’