১৮টি স্থায়ী কমিটি গঠনের ঘোষণা
১৮টি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ রোববার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত পঞ্চম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সভায় মেয়র আ জ ম নাছির জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এ ১৪টি স্থায়ী কমিটি গঠনের কথা থাকলেও বাস্তবতার কারণে ১৮টি কমিটি গঠন করা হবে।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ১৪টি স্থায়ী কমিটির বাইরে দারিদ্র্য হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নারী ও শিশু উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে চারটি স্থায়ী কমিটি গঠন করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটিগুলো গঠনের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশনের দ্বিতীয় সাধারণ সভায় চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন ১৪টি স্থায়ী কমিটি গঠন করবে। তবে সাধারণ সভার সিদ্ধান্তক্রমে প্রয়োজনবোধে অন্য কোনো বিষয়ের জন্যও স্থায়ী কমিটি গঠন করতে পারবে।
সাধারণ সভায় মেয়র আ জ ম নাছির জানান, পরিবেশ অধিদপ্তর নগরের বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশনকে দুই শ ভ্যানগাড়ি দিয়ে সহায়তা করবে।
করপোরেশনের আজকের সভায় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব উপস্থিত ছিলেন।