১৯ ঘণ্টা পর বিদ্যুৎ এল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ এসেছে। আজ শনিবার রাত ১০টা ১২মিনিটে কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দিদার বলেন, ‘রাত ১০টা ১২ মিনিটে হঠাৎ করে কার্যালয়ে বিদ্যুৎ আসে।’ তবে কে বা কারা কারা বিদ্যুতের সংযোগ দিয়েছে, সে বিষয়ে জানাতে পারেননি তিনি।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ওই কার্যালয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এর আগে শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, ডেসকোর এক লাইনম্যান এসে গুলশান কার্যালয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় তাঁর সঙ্গে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ছিলেন।
দিদারের ভাষ্য, ‘কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে ডেসকোর ওই লাইনম্যান বলেন, “আমরা কিছু জানি না। থানার নির্দেশে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে এসেছি”।’
যোগাযোগ করা হলে গুলশান থানার কর্তব্যরত এক কর্মকর্তা দাবি করেন, তিনি বিষয়টি জানেন না।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, সাময়িকভাবে জেনারেটর চালু করে কার্যালয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন খালেদা জিয়া। রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ। এর বাইরে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ও কার্যালয়ের কর্মচারীরা রয়েছেন।