১৯ জুন দেশব্যাপী ১৪ দলের মানববন্ধন
গুপ্তহত্যার প্রতিবাদে ১৯ জুন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত দেশব্যাপী এক ঘণ্টা মানববন্ধন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। ১৪ জুন মঙ্গলবার ঝিনাইদহে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাসায় যাবেন ১৪ দলের নেতারা।
গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের সময় স্বাস্থ্যমন্ত্রী ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কর্মসূচির কথা সাংবাদিকদের জানান।
মোহাম্মদ নাসিম বলেন, দেশে চলমান গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের রক্ষার্থে খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছেন। অত্যন্ত কাপুরুষের মতো গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। অশুভ লক্ষ্য অর্জনের জন্যই এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনিদের তিনি প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা নেই। তিনি বলেন, ‘যাঁরা ভাবছেন এসব ঘটনার পর আমরা আপস করব, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। কারণ, শেখ হাসিনা আপস করেন না।’
নাসিম বলেন, রমজানের পর গ্রামেগঞ্জে ১৪ দল টিম করে লাগামহীনভাবে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ফখরুল সাহেব বলেছেন চিরুনি অভিযানে নাকি তাঁদের কর্মীদের ধরপাকড় করা হবে। কিন্তু বিএনপি তাদের প্রশ্রয় না দিলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।