১৯ জেলায় আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আট জেলা এবং বরিশাল বিভাগের ছয় জেলাসহ গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালী ও খুলনার তিন উপজেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা এবং পিরোজপুরে আধা বেলা হরতাল ডেকেছে বিএনপিসহ ২০-দলীয় জোটের বিভিন্ন শরিক দল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং স্থানীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নেতা-কর্মীদের বাড়িতে র্যা ব-পুলিশের ‘হামলা-লুটপাট’ ও নেতা-কর্মীদের আটক এবং রাজশাহীর চারঘাটে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানির প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আজ রোববার ও কাল সোমবার হরতাল ডেকেছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
বরিশাল: বিভাগের ছয়টি জেলাতেই আজ সকাল-সন্ধ্যা হরতাল। গত শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের বাসায় বৈঠকের পর হরতালের ঘোষণা দেওয়া হয়।
গাইবান্ধা: খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ, সারা দেশে গ্রেপ্তার করা বিএনপির নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলায় আজ হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা: নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন।
নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলায় যুবদল কর্মী মোরশেদ আলম ওরফে পারভেজ চৌধুরীকে (২০) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপি আজ সারা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এ হরতাল আহ্বান করেন।
পিরোজপুর: জেলায় আজ সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হরতাল ডেকেছে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁকেসহ ২০-দলীয় জোটের সব কারাবন্দী নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তির দাবিতে হরতালের ডাক দেওয়া হয়।
খুলনা: জেলার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রশিবির। গতকাল খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আইয়ুব আলী মোল্যাসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি এ হরতালের ডাক দেয়।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও কুমিল্লা; বরিশাল, খুলনা ও নোয়াখালী অফিস এবং গাইবান্ধা ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।}