১৯ বছর পর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসানকে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজলকে করা হয়েছে সাধারণ সম্পাদক।
গতকাল শুক্রবার বিকেলে জেলার পুরোনো স্টেডিয়াম মাঠে দুই সদস্যের কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
কমিটি ঘোষণার আগে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, ‘এই জেলার কমিটির বেশির ভাগ পদই ভারপ্রাপ্ত-নির্ভর হয়ে পড়েছিল। তাঁরা আর ভারপ্রাপ্তের ভার সইতে পারছিলেন না। আমরা চাইব এরপর থেকে যেন এমনটা না হয়।’
নাম ঘোষণার আগে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করেছেন। এ সময় মাঠে প্রায় ১৫ হাজার নেতা-কর্মী ছিলেন। সৈয়দ আশরাফ নতুন নেতৃত্বের প্রতি সমর্থন চাইলে নেতা-কর্মীরা হাত তুলে সমর্থন জানান।
সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে শহর ছেয়ে যায়। নেতাদের আগমনকে স্বাগত জানিয়ে তৈরি করা হয় অসংখ্য তোরণ। দুপুরের পর থেকে শহরের প্রধান সড়ক গাইটাল বাসস্ট্যান্ড ও স্টেশন রোডে যানচলাচল সীমিত করা হয়।
দুই পক্ষের সংঘর্ষ: বেলা দেড়টার দিকে সম্মেলন স্থলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় শতাধিক চেয়ার। আহত ব্যক্তিদের মধ্যে আশফাকুল পক্ষের মঙ্গল মিয়া, তাজুল ইসলাম ও আবু বক্কর নামে তিন ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশফাকুল হলেন সৈয়দ আশরাফের চাচাত ভাই আর রেজওয়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে।
সভাপতি পদ নিয়ে তেমন উত্তেজনা না থাকলেও সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই আশফাকুল ও রেজওয়ানকে ঘিরে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে এই ইস্যুতে সৈয়দ আশরাফ এবং রাষ্ট্রপতির পরিবারকে ঘিরে সৃষ্টি হয় দুটি ধারা। নেতা-কর্মীরা বিষয়টি দেখেছেন দুই পরিবারের মর্যাদার ইস্যু হিসেবে।
রেজওয়ান আহমেদ সম্মেলনের দিন তাঁর নির্বাচনী এলাকা থেকে অন্তত পাঁচ হাজার কর্মী-সমর্থক শহরে জড়ো করেন। আশফাক পক্ষও একইভাবে মাঠ গরম করে রাখেন। অনেকের ধারণা, দুই পরিবারের একজনকে বাদ রেখে অন্যজনকে নেতৃত্বে আনা হলে রক্তপাত হতে পারত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই পরিবারের কাউকেই নেতৃত্বে আনা হয়নি।