১৯ বছর পর কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন
১৯ বছর পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনেও কুমিল্লা দক্ষিণ জেলার মতো কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন বলে দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সকাল ১০টায় চান্দিনা মহিলা কলেজের মাঠে ওই সম্মেলন হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, সদস্য আবদুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সুজিত রায় নন্দী।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ বলেন, ‘১৯৯৭ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। তিন বছরের জন্য গঠিত ওই কমিটির বেশির ভাগ সদস্য নিষ্ক্রিয় ও মারা গেছেন। কেউ বিদেশে অবস্থান করছেন। এ অবস্থায় দীর্ঘদিন ধরে কমিটি গঠনের দাবি উঠেছিল। অবশেষে ওই দাবি পূরণ হচ্ছে। সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।’
দলের অন্তত পাঁচজন সক্রিয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সভাপতি পদ পেতে দুই নেতা আগ্রহ প্রকাশ করেছেন। এঁরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এ ছাড়া চান্দিনা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা সাবেক সভাপতি মো. আলী আশরাফকে সভাপতি পদে আসার জন্য অনুরোধ করেছেন। সাধারণ সম্পাদক পদ পেতে চান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ, একই কমিটির সাংগঠনিক সম্পাদক বাদল রায় ও কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলী। ইতিমধ্যে মোহাম্মদ আলী দাউদকান্দি থেকে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই ধারে বিলবোর্ড স্থাপন করে ওই দাবি জানিয়েছেন।
দাউদকান্দি ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইতিমধ্যে পদপ্রত্যাশী ব্যক্তিরা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য কেন্দ্রে জোর তৎপরতা চালাচ্ছেন। ভোটাভুটি ছাড়া সম্মেলনে কারও নাম ঘোষণা করা হলে পদবঞ্চিত নেতারা হাঙ্গামা করবেন। ওই কারণে সম্মেলন হলেও কেন্দ্র থেকে নাম ঘোষণা হতে পারে।
জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সম্মেলন কীভাবে হবে, জানি না। তবে আমরা এবারও সংগঠনের স্বার্থে আলী আশরাফ স্যারকে সভাপতি পদে দেখতে চাই।’
এসব বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব জাহাঙ্গীর আলম সরকার গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, সম্মেলনে ভোটাভুটি হবে না। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। বড় দল ক্ষমতায় থাকলে নানা কারণে সম্মেলন হতে দেরি হয়। কুমিল্লা উত্তর জেলার ক্ষেত্রেও তাই হয়েছে।