ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য গঠিত কমিটি পার করল ১৯টি বছর। গত বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত হয় সম্মেলন। কিন্তু কমিটি হলো না। স্থানীয় বিরোধের কারণে কোনো পদের নাম ঘোষণা না করেই সম্মেলন শেষ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাই। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন।
দলীয় সূত্র জানায়, সম্মেলন ঘিরে শৈলকুপায় ব্যাপক আলোচনা চলছিল। নতুন কমিটির সভাপতি পদের জন্য শিকদার মোশাররফ হোসেন একক প্রার্থী ছিলেন। কিন্তু সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আরিফ রেজা, মতিয়ার রহমান, সাবদার হোসেন মোল্লা ও যুবলীগের নেতা রানাউজ্জামান বাদশা। এ নিয়ে স্থানীয় পর্যায়ে দলাদলির সৃষ্টি হয়। এ কারণে নেতারা সম্মেলনে কমিটি ঘোষণা করতে পারেননি।
সূত্র আরও জানায়, ১৯৯৭ সালে সর্বশেষ সম্মেলনে আবুল আহসান সিদ্দিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিকদার মোশারফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আবুল আহসান মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান বাবর আলী বিশ্বাস। বাবর দায়িত্ব পেলেও সংগঠনের সিংহভাগ কার্যক্রম চালিয়েছেন মোশারফ হোসেন।
মাঠপর্যায়ের কয়েকজন নেতা বলেন, সভাপতির পাশাপাশি ওই কমিটির আরও কয়েকজন নেতা মারা যান। তখনই সংগঠনের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। আর সক্রিয় নেতা-কর্মীরা দাবি করেন নতুন কমিটি গঠনের। কিন্তু সম্মেলনে তা না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন তাঁরা।
উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্রবীণ নেতা আবদুল আজিজ কাউন্সিলর (সম্মেলন প্রতিনিধি) বলেন, জেলা ও কেন্দ্রপর্যায়ের নানা জটিলতার কারণে দেরিতে হলেও ত্রিবার্ষিক এই সম্মেলনে তাঁরা খুশি। তবে কমিটি গঠিত হলে আরও খুশি হতেন।
সম্মেলনে সাধারণ সম্পাদক পদের প্রার্থী রানাউজ্জামান বলেন, জেলা নেতারা কথা দিয়েছেন ২৭ মার্চের মধ্যে নতুন কমিটি ঘোষণা দেবেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী বলেন, প্রার্থীরা সমন্বয় করতে চেয়েছেন, না করলে তাঁরা (নেতারা) পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় ওই পদ ঘোষিত হয়েছে বলে ধরে নিতে হবে।