১৯ বছর পর সম্মেলন মুখোমুখি দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ বছর পর আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তাদের মধ্যে চলছে উত্তেজনা। ইতিমধ্যে একটি পক্ষ সম্মেলন পেছানোর জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। সাধারণ সম্পাদকের পক্ষের অভিযোগ, সভাপতি মিনারা আলমের একক ইচ্ছাতেই এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম সম্মেলনের তারিখ জানেন না বলে অভিযোগ করেছেন। তিনিসহ দলের অন্য নেতা-কর্মীরা এই সম্মেলন মানেন না বলে জানান। তাঁরা রোববার সকালে জেলা সার্কিট হাউসের সামনের এলাকায় অবস্থান নেবেন। তাঁরা এটিকে একতরফা সম্মেলন বলে আখ্যা দিয়েছেন।

জেলা মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী, ৫১ সদস্যের কমিটি গঠনের কথা থাকলেও কেন্দ্রীয় কমিটি ওই বছরের ১৮ মার্চ ৪৫ সদস্যের কমিটির অনুমোদন দেয়। এরপর বাকি শূন্য পদগুলো দেড় যুগেও পূরণ করা হয়নি। ইতিমধ্যে ৪৫ সদস্যের কয়েকজন মারাও গেছেন। এ অবস্থায় ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা সম্মেলন করার তাগিদ দেন।

অবশ্য সাধারণ সম্পাদকের পক্ষের নেত্রীরা জানিয়েছেন, তাঁরা আরও আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় কমিটির কাছে সম্মেলনের তারিখ চেয়েছেন। কিন্তু কেন্দ্র থেকে বিষয়টি নিয়ে কোনো সাড়া মেলেনি। এখন হুট করেই মিনারা আলমের কাছে একটি তারিখ দিয়ে দেওয়া হয়েছে। আর এ তারিখে সম্মেলন করতে এখন তিনি একাই তৎপর হয়ে উঠেছেন। অভিযোগ উঠেছে, পরিবারের সদস্য আর নিজের অনুগত নিষ্ক্রিয় ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি করার জন্যই তাড়াহুড়ো করে এ সম্মেলন করছেন।

এদিকে সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা, উপজেলা ও শহর মহিলা আওয়ামী লীগের নেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি সম্মেলনের তারিখ পেছানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির কাছে লিখিত আবেদনও করেছেন তাঁরা।

সম্মেলনের আয়োজক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মিলনায়তনে সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন রোকসান প্রমুখের উপস্থিত থাকার কথা। সম্মেলনে সভাপতিত্ব করবেন সভাপতি মিনারা আলম।

 এ বিষয়ে সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ‘সম্মেলনের বিষয়ে আমি কিছুই জানি না। কেন্দ্র থেকেও সম্মেলন বিষয়ে আমাকে কোনো চিঠি দেওয়া হয়নি। এমনকি সম্মেলন নিয়ে দলীয় কোনো সভাও করা হয়নি।’

সভাপতি দাবি করেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকারের উপস্থিতিতেই ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, জেলা ও বেশির ভাগ উপজেলা ঘোষিত তারিখে সম্মেলন চাচ্ছে না। যেহেতু বেশির ভাগ নেত্রী এই তারিখে সম্মেলনের পক্ষে নন, সেহেতু জেলা আওয়ামী লীগও সম্মেলনের তারিখ পেছানোর জন্য সুপারিশ করেছিল।

১৯ বছর পর সম্মেলন না হওয়ার বিষয়ে দলের সাধারণ সম্পাদকের পক্ষের কয়েকজন নেত্রী বলেন, দলের সভাপতির কারণেই দীর্ঘদিন ধরে সম্মেলন হয়নি। তবে এ বিষয়ে মিনারা আলম বলেন, ‘সভাপতির পদ নিয়ে দীর্ঘদিন ধরে দলের নেতা–কর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি চলে আসছিল। একটি পক্ষ আমাকে বাদ দিয়ে কমিটি করার চেষ্টা করে যাচ্ছিল। এই দ্বন্দ্বের কারণেই ১৯ বছর পর সম্মেলন হচ্ছে।